২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে

রাজধানীর গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর তিনজনের সাক্ষ্য শেষ হওয়ার পরই মামলাটিতে আত্মপক্ষ সমর্থন এবং যুক্ততর্ক শুরু হবে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2019, 07:39 PM

Updated : 08 Apr 2022, 04:47 PM

ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলাটির বিচার চলছে। এ পর্যন্ত রাষ্ট্রপক্ষে ৭০ জনের মধ্যে ৩৬ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মামলার প্রথম তদন্ত কর্মকর্তা গুলশান থানার তৎকালীন পরিদর্শক র সাব্বির রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তার অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৯ অক্টোবর দিন রাখা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “মামলাটিতে সাক্ষ্যগ্রহণ প্রায় শেষের দিকে। বর্তমানে প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ চলছে।

“এ সাক্ষীর পর মামলার বাদী ও চার্জশিট দাখিলকারী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। আর এর মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণের সমাপ্তি ঘটবে। এরপর আত্মপক্ষ সমর্থন ও বিচারের সর্বশেষ ধাপ যুক্তিতর্কের পর রায় ঘোষণা করতে পারবেন বিচারক।”

আসামিদের সর্বোচ্চ সাজার আশা করে তিনি বলেন, “সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। এ মামলার সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।”

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে তাভেল্লাকে হত্যার ঘটনায় ২০১৬ সালের ২৫ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এরপর ওই বছরের ২৪ নভেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

এর আগে ২০১৬ সালের ২৭ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) গোলাম রাব্বানী হাকিম আদালতে ওই সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে বিএনপি নেতা কাইয়ুম ছাড়া যাদের নাম রয়েছে তারা হলেন- কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল, সাখাওয়াত হোসেন ওরফে শরীফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গারি সোহেল।

এদের মধ‌্যে ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরীফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

আসামিদের মধ্যে কাইয়ুম ও ভাঙ্গারী সোহেল পলাতক, মতিন জামিনে এবং বাকি চার আসামি কারাগারে রয়েছেন।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করছেন মোশারফ হোসেন কাজলসহ কয়েকজন আইনজীবী।