আত্মসাতের ২২ লাখ টাকা সঞ্চয় অফিসের উচ্চমান সহকারীর আলমারিতে
নওগাঁ জেলা সঞ্চয় অফিস থেকে গ্রাহকদের আত্মসাৎ হওয়া ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার নওগাঁ জেলা সঞ্চয় অফিসের উচ্চমান সহকারী মো. হাছান আলীর আলমারি থেকে ওই টাকা উদ্ধার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
অর্থ আত্মসাতের সাথে হাছান আলীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান প্রনব।
ঘটনার বিষয়ে দুদকের এ কর্মকর্তা জানান, ২০১৮ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে জেলা সঞ্চয় অফিসের ২৭ জন গ্রাহকের সঞ্চয়পত্রের ভাউচার জালিয়াতি করে সঞ্চয়পত্র ইস্যু করে দুই কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে।
এ অভিযোগে গত ১৫ জুন একই অফিসের অফিস সহায়ক মো. সাদ্দাম হোসেনকে আসামি করে একই অফিসের কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা করেন।
পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুদককে দায়িত্ব দিলে কমিশন তার রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেনকে এর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।
প্রনব জানান, দুদকের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই দুই কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের সাথে নওগাঁ জেলা সঞ্চয় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছে এবং টাকাগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।
২২ লাখ ৮৭ হাজার টাকা হাছান আলীর আলমারিতে রক্ষিত ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুদকের এক অভিযানে তা উদ্ধার করে নওগাঁ জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
