২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইলস লিটল ফ্লাওয়ারে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্বেচ্ছাচার, অভিযোগ শিক্ষকের

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়েরই এক শিক্ষক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 08:51 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

কাকরাইলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতির পদে থাকা মুহাম্মদ আরিফুর রহমান টিটু ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

নাজমা হোসেন লাকী নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ, প্রতিষ্ঠানের অর্থ তছরুফ, শিক্ষক ছাঁটাইসহ নানা অভিযোগ তুলেছেন পরিচালনা পর্ষদের সভাপতি টিটু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের বিরুদ্ধে।

টিটুর তিন ভাই স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও বিএনপির তিন নেতা বিদ্যালয়ে অবস্থান করে প্রভাব খাটান বলেও অভিযোগ করেন তিনি।

গত ৭ অগাস্ট থেকে দুই মাসের সাময়িক বরখাস্ত হওয়া কলেজের প্রভাতী শাখার ইংরেজি মাধ্যমের প্রধান লাকী এসব অভিযোগ শিক্ষা বোর্ডে দিয়েছেন বলেও জানান।

তার দাবি, বোর্ড ও মন্ত্রণালয়ে অভিযোগ করার কারণেই তাকে ছাঁটাই করা হয়েছে।

এদিকে শিক্ষক লাকীর নানা অভিযোগকে ‘সর্বেব মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন উইলস লিটল ফ্লাওয়ারের পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান টিটু।

তিনি বলেছেন, শিক্ষক হিসেবে নানা অনিয়মের কারণে লাকীকে সাময়িক অব্যাহতি দেওয়ায় এসব অভিযোগ তোলা হয়েছে।

লাকীর যত অভিযোগ

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগগুলো তুলে ধরেন লাকী। ছাঁটাই হওয়া আরও ক’জন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি তার সঙ্গে সংবাদ সম্মেলনে আসবেন বলে জানিয়েছিলেন তিনি; কিন্তু তিনি ছাড়া আর কাউকে দেখা যায়নি।

লাকী অভিযোগ করেন, নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করার পর গত ৭ অগাস্ট তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়।

পরিচালনা পর্ষদের সভাপতি টিটুর বিরুদ্ধে অভিযোগ করে লাকী বলেন, “আমি নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পর গভর্নিং বডির সভাপতি নানা কুপ্রস্তাব দেয় আমাকে। পরে আমি থানায় জিডি করি। এরপর আমাকে কোনো কারণ ছাড়াই সাময়িক বরখাস্ত করা হয়।”

লাকী জানান, বরখাস্তের আদেশ পাওয়ার আগে ২৪ জুন তিনি রমনা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

Image
উইলস লিটল ফ্লাওয়ারে অনিয়ম নিয়ে অভিযোগকারী শিক্ষক নাজমা হোসেন লাকী

উইলস লিটল ফ্লাওয়ারে অনিয়ম নিয়ে অভিযোগকারী শিক্ষক নাজমা হোসেন লাকী

তিনি বলেন, “সরকারি নির্দেশনা থাকলেও ৫ বছর ধরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলটি চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দিয়ে। নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্টের বকেয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধা, যা সবসময় পেয়ে আসছি, তা দেওয়া হচ্ছে না।”

স্কুলের প্রাথমিক শাখায় ‘যোগ্যতাহীন’ ৩০ জন শিক্ষককে নিয়োগ দেওয়ার অভিযোগও তোলেন লাকী।

“তারা সব এইচএসসি পাস। শিক্ষক নিয়োগ পরীক্ষার তিন লাখ টাকা সভাপতি ও প্রিন্সিপাল ভাগ বাটোয়ারা করে নেয়।”

গভর্নিং বডির সভাপতি টিটু প্রাথমিক শাখায় তার ভাইয়ের মেয়েকে শিক্ষক হিসেবে ‘অবৈধ নিয়োগ’ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

১১ জন শিক্ষক ও কর্মচারীকে বরখাস্ত করার পর এখন যারা শিক্ষকতা করছেন, নিয়ম বহির্ভূতভাবে তাদের বেতন থেকেও অর্থ কাটা হচ্ছে বলে অভিযোগ করেন লাকী।

তিনি আরও বলেন, ১৪ জন শিক্ষক-কর্মচারী অবসরে গেলেও তাদের অবসর ও কল্যাণ ভাতার কোনোটিই দেওয়া হচ্ছে না।

অবসরপ্রাপ্ত দুজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একই অভিযোগ করেছেন।

লাকীর অভিযোগ, এইচএসসি পরীক্ষার পরিদর্শক ফি শিক্ষকদের না দিয়ে সভাপতি এবং কমিটির সদস্যরা ভাগ করে নেন।

২০১৭ সালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনিয়মের তদন্তে নেমেছিল দুদক। সভাপতি টিটু ও অধ্যক্ষ আবুল হোসেনের বিরুদ্ধে মাউশিতে তদন্ত চলছে বলেও জানান লাকী।

২০১৭ সালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে হতে প্রার্থী হয়েছিলেন লাকী। কিন্তু সে নির্বাচনে তিনি আরেক শিক্ষক শ্যামলী হোসেনের কাছে হেরে যান।

লাকী বলেন, “শ্যামলী হোসেন অধ্যক্ষের লোক। তাকে এর আগে শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দুবার বহিষ্কার করা হয়েছিল। আমি নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারকে এ বিষয়ে অভিযোগ করি। কিন্তু প্রিজাইডিং অফিসার শ্যামলীকে অবৈধ ঘোষণা করেননি। সেখানেও টাকার লেনদেন হয়েছে।”

টিটুর দাবি, মিথ্যা অভিযোগ

লাকী সংবাদ সম্মেলন করার পর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের দপ্তর ও ব্যক্তিগত গ্রামীণফোন নম্বরটিতে বুধবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Image
বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উইলস লিটল ক্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান টিটু (বাঁয়ে)

বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উইলস লিটল ক্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান টিটু (বাঁয়ে)

পরে পরিচালনা পর্ষদের সভাপতি টিটুকে ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাকী যেসব অভিযোগ করেছেন, তা সর্বেব মিথ্যা। তাকে নানা অনিয়মের অভিযোগে আমরা সাময়িক বহিষ্কার করি। এখন তিনি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছেন।”

লাকীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে টিটু বলেন, “ স্কুলের বাইরে বিভিন্ন দোকানে তিনি বাকিতে মালামাল কিনতেন। পরে স্কুলের নামে বদনাম হয়।

“২০১৫ সালে ইংরেজি শাখার একজন শিক্ষককে তিনি ‘শারীরিকভাবে নির্যাতন’ করেন। এ বছর ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে জন্মদিন উদযাপনের অভিযোগ রয়েছে লাকীর বিরুদ্ধে। এছাড়া প্রতিষ্ঠানে দেরি করে আসা, শিক্ষার্থীদের সঠিকভাবে তদারকি না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”

নানা অনিয়মের ঘটনায় লাকীকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছিল বলেও জানান পরিচালনা পর্ষদের সভাপতি।

প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা না দেওয়ার বিষয়ে টিটু বলেন, “বেতনের বিষয়ে কিছুটা জটিলতা হয়েছে। তবে তারা প্রত্যেকেই টাকা পাবেন।”

অবৈধভাবে শিক্ষক নিয়োগের বিষয়ে মাউশি যে তদন্ত করছে, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

পুরনো খবর:

কোচিং: উইলসের ৩০ শিক্ষককে দুদকের কারণ দর্শানোর নোটিস