২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিং: উইলসের ৩০ শিক্ষককে দুদকের কারণ দর্শানোর নোটিস

নীতিমালা ভেঙে কোচিংয়ের সাথে জড়িত থাকায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষককে কারণ দর্শাতে বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2019, 06:56 PM

Updated : 18 Aug 2022, 04:43 PM

হটলাইনে অভিযোগ পেয়ে রোববার এ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি দল অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় বলে কমিশনের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ওই ৩০ শিক্ষক ২০১৭ সালে কোচিং করাবেন না বলে অঙ্গীকার করেছিলেন।

“কিন্তু তারা নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। এ অনিয়মের সাথে জড়িত এসব শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়।”

এছাড়া প্রতিষ্ঠানটি নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করলেও একজন শিক্ষক তাদের দশম শ্রেণিতে ভর্তি করার উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ পেয়ে দুদক দলের উপস্থিতিতে বিষয়টি তদন্তে এক কমিটি করা হয় বলে জানান প্রণব।