২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ্যসচিবের মর্যাদা পেলেন কামাল নাসের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পদমর্যাদা পেলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 07:21 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে ২০১৭ সালে সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছিলেন কামাল নাসের।

এবছর তাকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

১৪ ফেব্রুয়ারি থেকে কামাল চৌধুরীকে ভূতাপেক্ষ চুক্তিতে প্রধান সমন্বয়ক নিয়োগ ও মুখ্য সচিবের পদমর্যাদা দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে দু’টি কমিটি গঠন করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ১০২ সদস্য বিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি করে ৬১ সদস্য বিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।