২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির পাট কেনা নজরদারি করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বাংলাদেশ জুটমিল করপোরেশনের (বিজেএমসি) মিলগুলোতে পাট কেনার কার্যক্রম তদারকি করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 03:54 PM

Updated : 18 Aug 2022, 05:49 PM

এ জন্য ১৫টি তদারকি দল গঠন করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এসব দল দেশজুড়ে বিজেএমসির পাটক্রয় কেন্দ্রে পাট কেনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অনিয়ম-ত্রুটি দূর করতে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

“চলতি পাটের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্য মূল্যে পাট ক্রয় নিশ্চিত করতে এটিম কাজ করবে।”

তারা পাট কেনার মৌসুমে মাসে অন্তত একবার সরেজমিনে ক্রয়কেন্দ্র পরিদর্শন করবে; দৈনিক পাট কেনার তথ্য (পরিমাণ, গ্রেড, দর ও সরবরাহের পরিমাণ) সংগ্রহ ও পর্যবেক্ষণ করবে এবং পাট ক্রয়কেন্দ্রের সাপ্তাহিক প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে।

পাট কেনায় কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নির্দেশনা দেবে এবং প্রয়োজনে পাটসচিবকে অবহিত করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজেএমসি প্রতিবছর নিজস্ব পাট ক্রয়কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে পাট কিনে থাকে।

গত মৌসুমে বিজেএমসি ৯৮টি পাট ক্রয়কেন্দ্রের মাধ্যমে পাট কিনেছে। এবার বিজেএমসি ৫৭টি পাট ক্রয়কেন্দ্রে পাট কিনবে।