রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, এত নজরদারির পরও চতুরতার সাথে যিনি এ কাজ (পাসপোর্ট) করে থাকেন তাকে ধরা হচ্ছে এবং যিনি সহযোগিতা করছেন- পুলিশ হোক কিংবা অন্য যে হোক। তাকে আইনের আওতায় নেওয়া হবে।
পাসপোর্ট পেতে পুলিশের ভেরিফিকেশন লাগে বলে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, “পাসপোর্ট পেতে হলে এখানে অনেক সংস্থা জড়িত থাকে।
“আপনি শুধু পুলিশের দিকে ইঙ্গিত দিচ্ছেন। এজন্য বলছি কে কে জড়িত থাকে- স্থানীয় চেয়ারম্যান, জন্ম নিবন্ধন যিনি করেন তিনি থাকেন, ওয়ার্ড কমিশনার থাকেন, জাতীয় পরিচয়পত্র তৈরিকারি থাকেন।"
"এ সমস্তগুলি পার হয়ে তারপর আমাদের পুলিশ যায়- এই ব্যক্তিটির সেই ব্যক্তি কিনা এটা নির্ণয় করার জন্য। রোহিঙ্গা যারা পাসপোর্ট পেয়েছেন কিংবা পাচ্ছেন। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি যাতে তারা পাসপোর্ট না পায়।"
