২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ প্রজন্মকে ইতিহাস জানতে হবে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

তরুণ প্রজন্মকে ইতিহাস পড়ার আহ্বান জানিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তরের ইতিহাস বিকৃতকারীরা টিকে নেই। সমগ্র বিশ্ব বঙ্গবন্ধুকে অনুসরণ করছে- এটাই ইতিহাসের শিক্ষা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2019, 07:51 PM

Updated : 08 Apr 2022, 04:42 PM

শুক্রবার দিনাজপুরের বিরল পাইলট স্কুল মাঠে ‘জাতির জনক বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের’ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, “আজকের তরুণরাই আগামীতে বাংলাদেশের হাল ধরবে। সকল ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের খেলাধুলায় উদ্বুদ্ধ হতে হবে। ক্রিয়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে তরুণদের সামনে আসতে হবে।”

তিনি বলেন, অনূর্ধ্ব ১৭ জাতির জনক বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সারা দেশে চলছে। উপজেলা পর্যায় শেষে জেলা, পরে বিভাগীয় ও সারা দেশের সেরা ফুটবলারদের বেছে নেওয়া হবে।

বিরল উপজেলা টুর্নামেন্টে ৪নং শহরগ্রাম ইউনিয়নকে এক গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে ১০ নং রাণীপুকুর ইউনিয়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু ও বিরল পৌর সভার মেয়র সবুজার সিদ্দিক সাগর উপস্থিত ছিলেন।