২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর চিড়িয়াখানা রোডে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের অষ্টম তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2019, 09:33 PM

Updated : 18 Aug 2022, 05:46 PM

বৃহস্পতিবার সকালে বিসিআইসি কলেজ সংলগ্ন ওই ভবনে দুর্ঘটনার পর বেলা ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শফিউল্লাহর আত্মীয় আল-আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অষ্টম তলায় মাচায় দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করার সময় নিচে পড়ে যান শফিউল্লাহ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, মাচা ভেঙে শফিউল্লাহর সঙ্গে আরও একজন শ্রমিক নিচে পড়ে আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নিহত শফিউল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার আলীনগর গ্রামে। তার বাবার নাম রাশেদ মেকার।