ঘুষের মামলায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র
যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ কোম্পানি মর্গানেট ওয়ান লিমিটেডের কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
দুদকের মামলাটিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জমা হওয়া অভিযোগপত্র সোমবার মহানগর হাকিম সত্যব্রত শিকার দেখার পর বিচারের জন্য তা ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।
২০০৮ সালের ১৮ জুন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন।
মামলায় যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মর্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের কাছ থেকে ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ১৯টি চেকের মাধ্যমে ৬ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়।
তবে নাজমুল হুদা আদালতে এবং সাংবাদিকদের দাবি করেছেন, যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ বিষয়ে কিছু বিজ্ঞাপন তার মালিকানাধীন ও সিগমা হুদা সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা খবরের অন্তরালে ছাপা হয়। ওই বিজ্ঞাপনের বিল হিসেবে সেতুর রক্ষণাবেক্ষণ কোম্পানি মর্গানেট ওয়ান লিমিটেড প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বিল হিসেবে পরিশোধ করেছে। এ বিলের মোট ৬ লাখ টাকা খবরের অন্তরালে পত্রিকার অ্যাকাউন্টে জমা হয়।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলাটি করে বলে দাবি করে আসছেন বিএনপি ছেড়ে এখন আওয়ামী লীগের কাছাকাছি থাকতে আগ্রহী এই রাজনীতিক।
