প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের নৌবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আব্দুল্লাহ গোফাইলী।
সোমবার বিকালে গণভবনে সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব বলেন, সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী ও সৌদি নৌপ্রধান আলোচনা করেন।
শেখ হাসিনা ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তির বিষয় উল্লেখ করেন।
মিয়ানমার থেকে বিতাড়িত ১১ লাখ রোহিঙ্গার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা স্থানীয়দের ছাড়িয়ে গেছে।
সাক্ষাতে ফাহাদ বিন আব্দুল্লাহ গোফাইলী দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন ফাহাদ বিন আবদুল্লাহ গোফাইলী।
সাক্ষাতে বাংলাদেশের নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
