২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে রদবদল

সাম্প্রতিক শরণার্থী সঙ্কটের সূচনার দুই বছর পূর্তিতে কক্সবাজারে রোহিঙ্গাদের সমাবেশ নিয়ে আলোচনার মধ্যেই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে রদবদল এনেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 06:29 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

পুরনো খবর:

রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধের নির্দেশনা

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের পদ থেকে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্মসচিব মাহবুব আলম তালুকদারকে।

সেই সঙ্গে বিভিন্ন ক্যাম্পের দায়িত্বে থাকা তিন কর্মকর্তাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে বদলি করা হয়েছে। সেই জায়গায় পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা দুই কর্মকর্তাকে। 

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করে আসা আবুল কালামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার পদে যোগ দিতে বলা হয়েছে।

মাহবুব আলম তালুকদারকে এর আগে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ বাতিল করে তাকে সোমবার কক্সবাজারে নতুন দায়িত্ব দেওয়া হল।

Image
নতুন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার

নতুন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার

এদিকে উখিয়ার কুতুপালং ৩, ৪, বর্ধিত-৪ নম্বর ক্যাম্পের ইনচার্জ উপসচিব শামিমুল হক পাভেলকে বদলি করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের উপ-পরিচালক হিসেবে।

টেকনাফের নয়াপাড়া ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী সচিব আবদুল ওয়াহাব রাশেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

কুতুপালং ক্যাম্পের সহকারী ক্যাম্প ইনচার্য সহকারী সচিব জনাব জাহাঈীর আলমকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার এই তিন পদে বদলির আদেশ দেওয়ার পর সোমবার উপসচিব খলিলুর রহমান খান ও সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত ) মো. আহসান হাবিবকে বদলি করা হয়েছে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে। তারা দুজনেই ওএসডি হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছিলেন। 

এই পদগুলোতে কেন একসঙ্গে রদবদল আনা হল, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণায় কোনো ব্যাখ্যা দেয়নি। আর কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা একে ‘রুটিন’ বদলি হিসেবেই বর্ণনা করেছেন।

তবে এবারের রোহিঙ্গা সঙ্কটের সূচনার দুই বছর পূর্তিতে ২৫ অগাস্ট উখিয়ার কুতুপালং মধুছড়া বর্ধিত-৪ নম্বর ক্যাম্পের মাঠে হাজার হাজার রোহিঙ্গার সমাবেশ শরণার্থী ব্যবস্থাপনা ও এনজিও কার্যক্রম নিয়ে নানা ধরনের প্রশ্নের জন্ম দেয়। 

তার তিন দিন আগে রোহিঙ্গাদের দেশে ফেরানোর দ্বিতীয় দফা চেষ্টা ব্যর্থ হয়ে যায় মিয়ানমার সরকারের বিষয়ে নিপীড়িত এই জনগোষ্ঠীর আস্থার সঙ্কটের কারণে। 

সরকারের তরফ থেকে তখন বলা হয়, দেশি-বিদেশি কিছু এনজিও রোহিঙ্গাদের মিয়ানমার ফিরতে নিরুৎসাহিত করছে। এর মধ্যে মধুছড়া ক্যাম্প মাঠের বিশাল সমাবেশে রোহিঙ্গাদের অনেকের হাতে ধারালো অস্ত্র দেখা বিষয়টি নতুন মাত্রা পায়। 

ওই সময়ে কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় একটি কামারের দোকান থেকে লোহার তৈরি ধারালো প্রায় সাড়ে ছয়শ’ সরঞ্জাম জব্দ করা হয়। রোহিঙ্গাদের হাতে ওই অস্ত্র সরবরাহের অভিযোগে ‘মুক্তি কক্সবজার’ নামের এনজিওর ছয়টি প্রকল্প সাময়িকভাবে স্থগিত করে সরকার।

এরপর ‘নানা অপকর্মে’ জড়িত থাকার অভিযোগে প্রায় অর্ধশত এনজিওকে রোহিঙ্গা ক্যাম্প এলাকার কাজ থেকে প্রত্যাহারের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোহিঙ্গাদের ইন্ধন দিলে ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী  

৪১টি এনজিও রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রত্যাহার

এনজিও মুক্তি কক্সবাজারের রোহিঙ্গা বিষয়ক প্রকল্প স্থগিত  

রোহিঙ্গারা সেখানে এত বড় সমাবেশ কীভাবে করতে পারল- সেই প্রশ্নের মধ্যেই রোহিঙ্গা নেতারা দাবি করছিলেন, তারা লিখিত আবেদন করেই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে অনুমতি নিয়েছিলেন।

এরপর কথিত সেই অনুমতিপত্রের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে, বলা হয়, ওই ক্যাম্পের ইনচার্জ শামীমুল হক পাভেলই সমাবেশের অনুমতি দিয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাম্পে একটি আবেদন এসেছিল এবং তিনি তা গ্রহণ করে ‘দেখা হয়েছে’ বলে সই দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী তা অফিসে জমা দেওয়া হয়েছিল। সেটা কোনোভাবেই সমাবেশের অনুমতি ছিল না।  

 “অনেকে এটা ভালোমত দেখেইনি। এ আবেদনের উপরে লেখা রয়েছে ‘সিন’, ‘অ্যাপ্রুভড’ লেখা হয়নি। মানে দেখা হয়েছে। যে কেউ এ ধরনের আবেদন নিয়ে এলে তা গ্রহণ করতে হয়, দেখতে হয়।… এ কাগজটা আমি দেখেছি।… আমরা ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলিনি, অনুমতিও দেওয়া হয়নি।

“এখন জিনিসটাকে এমনভাবে বলা হচ্ছে, রঙ দেওয়া হচ্ছে যে আমি অনুমতি দিয়েছি। আমি অনুমতি দেওয়ার কে? আমার অধিকার কী?”

ওই সমাবেশের কারণে প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এই রদবদল আনা হল কি না প্রশ্ন করলে শামীমুল হক পাভেল বলেন, “শুধু আমি নিজেই না, পুরো সেটআপ চেইঞ্জ হয়েছে। আমি নিজেই জানি না কেন চেইঞ্জ হয়েছে। আমাকে কেউ কিছু বলছেও না। সবার উপরে দেশ। আমাকে সরকারের প্রয়োজন ছিল, এতদিন ছিলাম। এখন অন্য জায়গা দিয়েছে, সেখানেই চলে যাব।”

একই সুরে উত্তর দেন বিদায়ী প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যাই হোক, দেশের স্বার্থে এ বদলি। আরও কয়েকজনকে বদলি করা হয়েছে। গত দুই সপ্তাহে ৬/৭ জনকে বদলি করা হয়েছে। সরকারি চাকরি বদলিযোগ্য। নতুন একটা সেট আসে, পুরো সেটআপ চেইঞ্জ। কোনো কিছুই কারও জন্য আটকে থাকে না।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি আমার সাধ্যমত। এটুকু বলতে পারি- আমি সততার সঙ্গে, সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে কষ্ট করেছি এ সঙ্কটটকে সামাল দেওয়ার জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উদাত্ত কণ্ঠে, উদাত্ত হৃদয়ে তাদেরকে গ্রহণ করেছেন; সেটার মর্যাদা রাখতে চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি, কতটুকু হইনি সেটা আপনারা বিচার করবেন।”