২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসসিসির বাজেট: মশা নিধনে বরাদ্দ দ্বিগুণ

ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে সমালোচনার মধ্যেই নতুন অর্থবছরের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যেখানে মশক নিধনে বরাদ্দ বেড়েছে দ্বিগুণের বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 09:53 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

পুরনো খবর:

মশার ওষুধ আনবে কে, তাই নিয়ে ঠেলাঠেলি
ডেঙ্গু নিয়ে এখনই সফলতা দাবি করছি না: মন্ত্রী তাজুল

২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে মশা মারতে বরাদ্দ ধরা হয়েছে ৪৩ কোটি ৩০ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ১৯ কোটি ৫২ লাখ টাকা। এই হিসেবে মশা নিধনে বরাদ্দ বেড়েছে ১২২ শতাংশের মত।

২৭৭ বর্গকিলোমিটার আয়তনের এ সিটির প্রায় এক কোটি মানুষের জীবনকে আরেকটু সহজ করার লক্ষ্য নিয়ে নতুন অর্থবছরে তিন হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট দেওয়া হয়েছে। 

এর আগে ২০১৮-২০১৯ অর্থবছরে ঘোষিত বাজেটের আকার ছিল তিন হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকা, যার পরিমাণ সংশোধিত বাজেট কমে হয়েছে এক হাজার ৯০২ কোটি ৯৫ লাখ টাকা।

রোববার নগর ভবনে বাজেট ঘোষণা করে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, “বছরজুড়ে মশক নিধন বিষয়ে গবেষণা ও মশার প্রকৃতি সম্পর্কে জেনে সে অনুযায়ী ওষধ নির্বাচনসহ নানাবিধ কাজ সম্পাদনের জন্য একটি পৃথক বিভাগ খুলে উপযুক্ত জনবল নিয়োগের পরিকল্পনা রয়ছে। এজন্য মশক নিয়ন্ত্রণ খাতে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে।”

এ বছর বর্ষার শুরুতে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর ক্রমশ তা ছড়িয়েছে। কেবল অগাস্ট মাসেই মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ, যা গত ১৯ বছরে নথিভুক্ত সব ডেঙ্গু রোগীর মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ডেঙ্গুর প্রকোপ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় এবার ঢাকা সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রমে শিথিলতার অভিযোগ ওঠে। পাশাপাশি সিটি করপোরেশন মশা মারতে যে ওষুধ দিচ্ছে তা কার্যকর নয় বলে আইসিডিডিআর,বির গবেষণায় উঠে আসে।

এ নিয়ে সমালোচনা আর উদ্বেগের মধ্যে বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। পরে কোরবানির ঈদের আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন চীন থেকে এবং দক্ষিণ সিটি করপোরেশন ভারত থেকে নতুন ওষুধ নিয়ে আসে।

বাজেট ঘোষণার সংবাদ সম্মেলনে মেয়র বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে লক্ষ্য ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করেছেন তারা। এজন্য ডেঙ্গুর প্রকোপও কমেছে।

“বিভিন্ন বাসাবাড়ির পাশাপাশি নির্মাণাধীন ভবন, থানা কম্পাউন্ড, নার্সারি, হাসপাতাল প্রাঙ্গণ, বাস টার্মিনাল, ট্রেন স্টেশন, উন্মুক্ত ডোবা-নালা ইত্যাদি স্থানে নিয়মিত এইডিস মশার লার্ভা নিধনে মোবাইল কোর্ট চলমান রয়েছে। ইতোমধ্যে প্রায় এক লাখ বাড়ি, নির্মাণাধীন ভবন ও স্থাপনা পরিদর্শন করে লার্ভা ধ্বংস করা হয়েছে। দায়ীদের জেল ও জরিমানা করা হয়েছে। ফলে রাজধানীতে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।”

মেয়র সাঈদ খোকন জানান, ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে সম্ভাব্য খরচের যে হিসাব তারা ধরেছেন, তার মধ্যে ৯৭২ কোটি ৮০ লাখ টাকা আসবে সিটি করপোরেশনের নিজস্ব উৎস থেকে।

এর মধ্যে ট্যাক্স বাবদ ৩৫০ কোটি, বাজার সালামি ৩১০ কোটি, বাজার ভাড়া থেকে ৩৫ কোটি টাকা আসবে বলে তারা আশা করছেন।

এছাড়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৯০ কোটি, বিজ্ঞাপন কর বাবদ ৫ কোটি ৫০ লাখ, বাস-ট্রাক টার্মিনাল থেকে ৩ কোটি ৫০ লাখ, অস্থায়ী পশুর হাট ইজারা বাবদ ১০ কোটি, টয়লেট, পার্কিং, কাঁচাবাজার ইত্যাদি ইজারা বাবদ ২ কোটি ৪৫ লাখ, রাস্তা খনন ফি থেকে ৩০ কোটি কোটি, যন্ত্রপাতি ভাড়া হিসেবে ১০ কোটি, কমিউনিটি সেন্টার ভাড়া থেকে ২ কোটি ৫০ লাখ, সম্পত্তি হস্তান্তর কর খাতে ১০৫ কোটি, ক্ষতিপূরণ থেকে ১ কোটি, পেট্রোল পাম্প থেকে ২ কোটি এবং ভূমি, নাট্যমঞ্চ, ছিন্নমূল ও নগর ভবন ভাড়া থেকে ৩ কোটি টাকা আয়ের আশা করছে ডিএসসিসি।

সরকারি মঞ্জুরি খাতে ৫০ কোটি ও সরকারি বিশেষ মঞ্জুরি বাবদ ৭৫ কোটি, সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প খাতে ২ হাজার ৩২৩ কোটি ৯৩ লাখ টাকা সাহায্য হিসেবে পাওয়া যাবে বলে ধরা হয়েছে বাজেটে।

ডিএসসিসির বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে। এই খাত পাচ্ছে ৮৯৬ কোটি ৭৪ লাখ টাকা।

এছাড়া নাগরিক বিনোদনমূলক সুবিধা উন্নয়ন খাতে ২৭১ কোটি ৩০ লাখ, ভৌত অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৫২৬ কোটি ৯৭ লাখ, পরিবেশ উন্নয়ন খাতে ১৫১ কোটি ৯৯ লাখ টাকা এবং ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন খাতে ৫১৫ বরাদ্দ রেখেছে দক্ষিণ সিটি করপোরেশন।

করপোরেশনের কর্মীদের বেতন ভাতা বাবদ এবার খরচ ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা, যা ব্যয়ের খাতায় দ্বিতীয় সর্বোচ্চ অংক।