‘রেকার বাণিজ্য’ করছে পুলিশ, অভিযোগ বাস মালিকদের
ঢাকায় বাস-মিনিবাস রেকারিংয়ের নামে বাণিজ্য হচ্ছে অভিযোগ করে তা থেকে মুক্তি চেয়েছেন পরিবহন মালিকরা।
শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত ‘ঢাকা মহানগরীর বাস ব্যবস্থাপনার উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এই অভিযোগ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সভায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবহন মালিক এবং চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, “রেকারের অত্যাচারে গাড়ির মালিকরা দিশেহারা। অপব্যবহার হচ্ছে বললে ভুল হবে, রেকার নিয়ে বাণিজ্য হচ্ছে। রেকারের এই বাণিজ্য বন্ধ করতে হবে।
“গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা একমত, আইন কঠিনভাবে প্রয়োগ করুন। মালিক-শ্রমিকদের শৃঙ্খলায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু রেকারের অত্যাচার বন্ধ করতে হবে।”
যানবাহন মালিক ও পুলিশ সবাইকেই নিয়মে আসতে হবে, বলেন তিনি।
গত চার বছর ধরে বাস ভাড়া বাড়ানো হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করেন এনায়েত উল্লাহ। তিনি বলেন, গত চার বছরে সবকিছুর দাম বেড়েছে। কিন্তু বাস ভাড়া না বাড়িয়ে সবাই শুধু উপদেশ দিয়ে যাচ্ছে।
“এখনও কি ১ টাকা ৪০ পয়সা ভাড়া নেওয়ার মতো অবস্থা আছে? যেখানে একটা রিকশায় উঠলে কমপক্ষে ২০ টাকা ভাড়া দিতে হয়। ৫ বছর আগে ভাড়া সমন্বয় করা হয়েছিল। এই ৫ বছরে গাড়ির চ্যাসিস, টায়ার-টিউব, ইঞ্জিন, স্পেয়ার পার্টসের দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু পরিবহনের ভাড়ার ব্যাপারে কেউ কোনো কথা বলেন না।”
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে আরও অনেক কাজ করতে হবে বলে আলোচনায় সভায় বলেন ঢাকা মহানগর পুলিশের বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, বাস-বে, রোড মার্কিং, জেব্রা ক্রসিংসহ অনেককিছুই করা বাকী আছে।
“আমাদের আরও অনেক ভৌত অবকাঠামো নির্মাণ করতে হবে। বাস টার্মিনালগুলোকে ডিপো নয়, টার্মিনাল হিসেবেই ব্যবহার করতে হবে। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে হাত উঠিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। এটা পরিবর্তন করতে হবে।”
আইন মেনে না চলায় পুলিশকে ‘বাধ্য’ হয়েই আইনের আশ্রয় নিতে হয় বলে সভায় বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, “৯৮ শতাংশ মানুষ আইন অমান্য করলে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা কঠিন। আমরা বারবার আইন মানার জন্য বলছি। কিন্তু শোনানো যাচ্ছে না। মালিক-শ্রমিক, গাড়ির বিরুদ্ধে আমরা এত প্রসিকিউশন দিচ্ছি,যে পরিমাণ রেভিনিউ হচ্ছে, আমার মাঝে-মধ্যে মনে হয়, ট্রাফিক বিভাগ কি তাহলে রেভিনিউ কালেকশন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে? বেশি মামলা দেওয়া উচিত না, কিন্তু বাধ্য হয়ে দিতে হচ্ছে।”
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, শেখ নাজমুল আলম বক্তব্য রাখেন।
