২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীর বাসা থেকে ইয়াবা উদ্ধার, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

রাজধানীর শ্যামলীর একটি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 07:09 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

শেরেবাংলা নগর থানার এসআই তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই বাসায় অভিযান চালান।

গ্রেপ্তার তিনজন হলেন- একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ইব্রাহীম সাগর (২২), তার বাবা আয়নাল হোসেন (৪৭) এবং মো. রাসেল (২৫)।

এসআই তোফাজ্জল বলেন, “রাসেল যশোর থেকে ইয়াবার চালান এনে আয়নালের বাসায় পৌঁছে দিয়েছিল। সাগরের সহায়তায় পরে তা রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কথা ছিল।”

সাগর ও তার বাবা শ্যামলীর ওই ভাড়া বাসা থেকেই ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন বলে পুলিশের দাবি।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৭৫টি ইয়াবা উদ্ধার করা হয় বলে এসআই তোফাজ্জল জানান।

তিনি বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।