২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগের ফুল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

চাঁদার দাবিতে শাহবাগে এক ফুল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠেছে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 12:49 AM

Updated : 18 Aug 2022, 05:42 PM

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক সম্পাদক জুয়েল মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ করেন শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

বুধবার বিকালে শাহবাগ ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে তাকে ‘মারধর’ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শামীম।

তিনি বলেন, “জুয়েল মোল্লা কোরবানির ঈদের আগে আমাদের দেখা করতে বলেন। সেসময় সমিতির সভাপতিসহ আমি টিএসসিতে গিয়ে দেখা করি। তিনি তখন থেকে ঈদের বকশিশ হিসেবে সমিতির নিকট চাঁদা দাবি করে আসছেন।”

এর মধ্যে জুয়েল ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে টাকা না দিয়েই ফুলে নিয়েছেন বলে দাবি করেন শামীম।

তিনি বলেন, “আজ (বুধবার) বিকাল সাড়ে৩টার দিকে তিনি সমিতির সভাপতিতে ফোন দিয়ে আমাকে সমিতির কার্যালয়ে আসতে বলেন। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ছাত্রলীগের ৬-৭ জন নেতাকর্মী নিয়ে শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আসেন।

“আমাদের বিএনপির এজেন্ট এবং বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বিনামূল্যে ফুল দেই বলে অভিযোগ করেন। কিন্তু আমি এই অভিযোগ অস্বীকার করলে আমাকে অকথ্য ভাষায় গালাগালসহ উপস্থিত নেতাকর্মীরা আমাকে চড়-থাপ্পড় মারেন।”

এই বিষয়ে সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগ নেতা জুয়েল কয়েকজন লোক নিয়ে এসে আমাদের বলেন, তোমরা বিএনপি কর এবং এইখানে বিএনপির দোকান আছে।

“আমরা বললাম, আমরা তো এই বিষয়টা জানি না। অমনি গালের মধ্যে চড়। এরপর আমাদের সেক্রেটারি বলেন, রাব্বানী (ছাত্রলীগের সাধারণ সম্পাদক) ভাইয়ের সাথে একটু কথা বলেন। ওই টাইমে আরও ৫-৬ জন মিলে লাত্থি-উষ্টা মারল।”

Image
জুয়েল মোল্লা

জুয়েল মোল্লা

মারধরের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে জুয়েল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি খবর পেয়েছি, সেখানকার কিছু দোকানদার বিএনপি-জামায়াতপন্থি। সেখানে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের অনেকেই ফুল আনতে গেলে বসে বিভিন্ন বিষয়ে যখন কথা বলে, ওই দোকানদাররা সেই তথ্য পাচার করে। এছাড়াও বিএনপিকে তারা বিভিন্ন অনুষ্ঠানে ফুল দিয়ে সাহায্য করে।

“তাই আমি এই বিষয়ে কথা বলার জন্য সমিতির সাধারণ সম্পাদককে ফোন দেই। তিনি ফোন না ধরলে কাছেই আছি ভেবে সমিতিতে কয়েকজন মিলে যাই। তাদেরকে কোনো মারধর করা হয়নি।’’