জ্বালানি তেলের পাইপলাইন প্রকল্প ‘ঝুঁকিপূর্ণ’
চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি ঝুঁকিপূর্ণ হবে বলে মত জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘তেল পরিবহনে চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন : অর্থের অপচয় ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা’ শীর্ষক এক আলোচনায় তিনি এই মত জানান।
কম সময় ও খরচে এবং নিরাপদে রাজধানীতে জ্বালানি তেল সরবরাহের জন্য ২০১৮ সালের ৯ অক্টোবর ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক।
এ প্রকল্পে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৪৩ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন বসবে। দুই হাজার ৮৬১ কোটি টাকার এই প্রকল্প ২০২০ সালের মধ্যে এই বাস্তবায়ন করার লক্ষ্য ঠিক করেছে সরকার।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক তামিম বলেন, বাংলাদেশে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের আগে অংশীজন কিংবা জনগণের কোনো মতামত নেওয়া হয় না।
“চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল প্রকল্প নেওয়ার সময়ও এতে জনগণকে সম্পৃক্ত করা হয়নি। নৌপথে যারা তেল পরিবহনে যুক্ত তাদের মতামতও নেওয়া হয়নি। অন্যদিকে, পাইপলাইনে তেল পরিবহনে যেমন অর্থ অপচয় বাড়বে, তেমনি পরিবেশগত ঝুঁকিও আছে। এ প্রকল্পের সামাজিক ও পরিবেশগত সমীক্ষা রিপোর্ট জনসমুখে প্রকাশ করতে হবে।”
এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, “চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যদি একটা পাইপলাইন করা হয়, তাহলে তেল সরবরাহ প্রক্রিয়ায় ঝুঁকি থাকতে পারে। এজন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে “
বর্তমানে তেল পরিবহনে যারা যুক্ত এই প্রকল্পের ফলে তারা যেন ক্ষতির মুখে না পড়ে, সেটাও দেখার পরামর্শ দেন তিনি। এলায়েন্স ফর কনসার্নড সিটিজেন আয়োজিত এই বৈঠকে আলোচনা করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পরিবেশ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, জ্বালানি বিষয়ক সাংবাদিক অরুণ কর্মকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর আলম, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদত হোসেন। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এর সঞ্চালনায় ছিলেন।
