২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

ঢাকার আদাবরে একটি নির্মাণাধীন বহুতল ভবনের অষ্টম তলা থেকে পড়ে গিয়ে দুই শ্রমিক এবং কালশীতে আরেকটি নির্মাণাধীন ভবন থেকে পরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 11:29 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

আদাবরে নিহতরা হলেন- সামাউল (২২) ও হালিম (১৮)। দুজনের বাড়িই নওগাঁ জেলার সাপাহার থানার জবোইবিল গ্রামে। আদাবর ১০ নম্বর রোডের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তারা।

বুধবার বিকাল ৪টার দিকে ওই ভবনের অষ্টম তলার বাইরের দিকে বাঁশের মাচা বেঁধে কাজ করার সময় সেটি ভেঙে তারা নিচে পড়ে যান বলে আদাবর থানার এসআই আব্দুর রউফ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় সামাউল এবং ঘণ্টাখানেক পর হালিম মারা যান বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

ক্যান্টনমেন্ট থানার কালশী এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে নিহত শ্রমিকের নাম মুরাদ হোসেন (২০)।

মুরাদের ভগ্নিপতি মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে এই ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টায় চিচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ক্যান্টনমেন্ট থানার এসআই শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুরাদের বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বরোরচড় গ্রামে।

তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ঢাকার মহাখালীর আমতলীতে বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে রাশেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক মো. দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান রাশেদুল।পরে খবর পেয়ে তার বড় ভাই রাসেল এসে লাশ শনাক্ত করেন।

রাশেদুল ইউনিলিভারে কর্মরত ছিলেন বলে জানালেও তিনি কোন পদে ছিলেন তা বলতে পারেননি রাসেল।

তিনি বলেন, তার ভাইয়ের কিছুটা মানসিক সমস্যা ছিল। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পাবনা জেলার সুজানগর উপজেলার চড়ধোলাইয়ে তাদের গ্রামের বাড়ি।