২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহালমকাণ্ডে দায়ী কর্মকর্তাদের নাম হাই কোর্টকে দিল দুদক

আসামি না হয়েও পাটকলকর্মী জাহালমের কারাভোগের ঘটনায় দায়ী যে ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, তাদের তালিকা আদালতে দাখিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 09:36 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

ওই ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার কথা দুদকের আইনজীবী গত ২১ অগাস্ট আদালতকে জানালেও তাদের নামের তালিকা না দেওয়ায় ওই প্রতিবেদনকে ‘অস্পষ্ট’ হিসেবে চিহ্নিত করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ।

সেদিন দায়ীদের নাম-পদবী, অভিযোগসহ বিস্তারিত তথ্য তুলে ধরে নতুন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় দুদকের আইনজীবীকে।

সে অনুযায়ী বুধবার আদালতে ৪০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে দুদক, সেখানে সেই ১১ কর্মকর্তার নাম-পদবী তুলে ধরা হয়। পরে আদালত আগামী ২৪ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের দিন রাখে।

আদালতে দুদকের প্রতিবেদন উপস্থাপন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মো. জাকির হোসেন।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদক বিভাগীয় মামলা করেছে তারা হলেন- সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ-আল-জাহিদ, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ মেজবাহ উদ্দিন, উপপরিচালক মো. মাসুদুর রহমান, বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক (সাবেক সহকারি পরিচালক) দেবব্রত ম-ল, উপপরিচালক সেলিনা আক্তার মনি, ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমিত্রা সেন, সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস, সহকারী পরিচালক মেফতাহুল জান্নাত, সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সাবেক উপসহকারী পরিচালক) রাফী মো. নাজমুস সাদাত।

ব্র্যাক ব্যাংকের আইনজীবীও দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা আদালতকে জানান। এরা হলেন- ব্যাংকটির শ্যামলী শাখার ব্যবস্থাপক সাবিনা শারমীন ও আসাদগেট শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. ফয়সাল কায়েস।

আর সোনালী ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ঋণ জালিয়াতির ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য আট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে তারা।

এরা হলেন- সোনালী ব্যাংকের মিরপুর ক্যান্টনমেন্ট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক আজিজুল হক, একই শাখার সাবেক ব্যবস্থাপক আখলাফুন নাহার, একই শাখার সাবেক সিনিয়র অফিসার নিজাম উদ্দিন, একই শাখার সাপোর্টিং সাব স্টাফ মো. মাইনুল হক, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাপোর্টিং সাব স্টাফ মো. মিজানুর রহমান, স্থানীয় কার্যালয়ের সাপোর্টিং সাব স্টাফ আজিজুল হক, স্থানীয় কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান এবং স্থানীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন।

বুধবার শুনানিতে দুদক আইনজীবী ওই ১১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনাতে থাকলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “আমরা এদের বিচার করতে বসিনি। আপনারা প্রতিবেদন দিয়ে স্বীকার করেছেন যে আপনাদের ভুলের শিকার জাহালম। এখন জাহালমকে ক্ষতিপূরণ দিন।”

দুদক আইনজীবী তখন বলেন, “স্বীকার করেছি ঠিক। এজন্য বিভাগীয় মামলাও হয়েছে। শুধুই দুদক একা নয়, ব্যাংকেরও তো দায় ছিল।”

বেঞ্চের কনিষ্ঠ বিচারক বলেন, “ক্ষতিপূরণ নিয়ে যে রুল আছে তার ওপর শুনানি হোক।”

তখন দুদক আইনজীবী আপত্তি জানিয়ে বলেন, “এখনই এটা করা ঠিক হবে না। দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তার তদন্ত হবে। এরপর পুরোপুরি কার দায় কতটুকু তা নির্ধারিত হবে।”

এ সময় বিচারক বলেন, “বিভাগীয় ব্যবস্থা কবে শেষ হবে। আর সে পর্যন্ত জাহালম কি রাস্তায় রাস্তায় ঘুরবে? ”

পরে আদালত আগামী ২৪ অক্টোবর পরবর্তী শুনানি ও আদেশের দিন রেখে মামলার কার্যক্রম সে পর্যন্ত মুলতবি করে।

পুরনো খবর:

জাহালমকাণ্ড: ১১ জনের বিরুদ্ধে মামলার কথা হাই কোর্টে জানাল দুদক