২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ‘ভিআইপিদের’ তল্লাশিতে ছাড় দেওয়ার প্রস্তাব নাকচ

দেশের বিমানবন্দরগুলোতে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি শিথিল করতে সংসদীয় কমিটির প্রস্তাব নাকচ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 09:01 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

বেবিচক বলেছে, ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রামের (এনসিএএসপি) তালিকাভুক্ত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারও ক্ষেত্রে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে সরকার এনসিএএসপির তালিকার বাইরে সুনির্দিষ্ট তালিকা দিলে বেবিচক তা বিবেচনা করবে।বুধবার সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়।

গত ৭ এপ্রিল কমিটির বৈঠকে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিচারপতি, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের আলাদা তল্লাশি শিথিল এবং তাদের জন্য আলাদা লাইন করার সুপারিশ করা হয়।

এর জবাবে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) আইনের বিধান ও ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রামের (এনসিএএসপি) বিধানের কথা তুলে ধরে বেবিবচক তা নাকচ করে দিয়েছে।

পলাশ আহমেদ নামের এক যুবক গত ২৪ ফেব্রুয়ারি খেলনা পিস্তল নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পেরিয়ে যায় এবং মাঝ আকাশে পাইলট-ক্রুদের জিম্মি করে।

পরে চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে মারা পড়েন পলাশ। বিমানবন্দরগুলোর পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে নিরাপত্তা তল্লাশির কড়াকড়ি বাড়ানো হয়।

এনসিএএসপি অনুযায়ী কেউই নিরাপত্তা তল্লাশির ‘আওতামুক্ত নন’ জানিয়ে বেবিচকের প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট সরকারি নির্দেশনার অভাবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা তল্লাশি করতে গিয়ে নিরাপত্তা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই বিব্রত হচ্ছেন।

“নিয়ম অনুযায়ী এক্সাম্পট ফ্রম সিকিউরিটি স্ক্রিনিংয়ের আওতাভুক্ত ব্যক্তির বাইরে বিমানবন্দর তথা দেশের নিরাপত্তার স্বার্থে কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে ওই তালিকার বাইরে সরকার কর্তৃক সুনির্দিষ্ট তালিকা প্রদান করা হলে তা প্রতিপালন করা হবে।”

এনসিএএসপিতে কেবল রাষ্ট্রপতি ও তার পরিবার, প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা তল্লাশি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

ওই তালিকায় জাতির জনকের পরিবারের সদস্য, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদ বিভাগ/পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত কোনো ব্যক্তিকে নিরাপত্তা তল্লাশি থেকে অব্যহতি দিয়ে এনসিএএসপির সংশোধনী প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

পুরনো খবর:

বিমানবন্দরে ‘ভিআইপিদের’ তল্লাশি শিথিল চায় সংসদীয় কমিটি