২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ নিয়ে অবসরে যাওয়া বিচারপতিদের সংবর্ধনা নয়: আইনজীবী সমিতি

কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ থাকলে তাকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 03:58 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

আগের দিন সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বুধবার কমিটির সদস্য আইনজীবী শামীম সর্দার জানিয়েছেন।  

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টে কর্মরত কোনো বিচারপতির বিরুদ্ধে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদারণের অভিযোগ থাকলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে তাদেরকে কোনো ধরনের সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরুর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলা হয়, “আরও কয়েকজন মাননীয় বিচারপতির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যায়। বিচার বিভাগের মানমর্যাদা সমুন্নত রাখার জন্য এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান বিচারপতি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আইনজীবী সমিতি আশা করছে।”

সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতি কঠোর ব্যবস্থা নেবেন বলে আশাপ্রকাশ করা হয়।

‘অসদাচরণের’ অভিযোগে হাই কোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে গত সপ্তাহে তদন্ত শুরুর পর তাদের বিচারকাজ থেকে সাময়িকভাবে বিরত থাকতে বলা হয়।

রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।

উচ্চ আদালতের এই তিন বিচারক হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি এ কে এম জহিরুল হক এবং বিচারপতি কাজী রেজা-উল হক।