২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের নামে কৃষি ব্যাংকের প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ, আসামি ৫ কর্মকর্তা

ভুয়া বন্ধকের মাধ্যমে কৃষি ব্যাংক থেকে দুটি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ছয় কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির পাঁচ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 08:58 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

মঙ্গলবার কমিশন থেকে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘শিগগিরই’ এই অভিযোগপত্র সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।

আসামিরা হলেন- কৃষি ব্যাংক কারওয়ানবাজার কর্পোরেট শাখার সাবেক ডিজিএম মো. জুবায়ের মনজুর, সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন, সাবেক এসপিও মো. আবুল হোসেন ও গোলাম রসুল এবং সাবেক মুখ্য কর্মকর্তা মো. আজিজুর রহমান।

এছাড়া ঋণ নেওয়া প্রতিষ্ঠান ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের এমডি জসিম আহমেদ এবং মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. হযরত আলীকে অভিযোগপত্রে আসামি করা হয়।

২০১৭ সালের ৪ অগাস্ট ঋণের নামে কৃষি ব্যাংকের কারওয়ানবাজার শাখা থেকে আসামিরা পরস্পর যোগসাজশে ছয় কোটি ৮৮ লাখ নয় হাজার ৩১২ টাকা আত্মসাত করেন অভিযোগে তেজগাঁও থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলমকেই এর তদন্ত দায়িত্ব দেয় কমিশন।

দুই বছর তদন্ত শেষে ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমানকে সম্পৃক্ত করে ওই সাতজনের বিরুদ্ধে সম্প্রতি কমিশনে প্রতিবেদন জমা দেন তিনি।

এর আগে সোমবার আজিজুর রহমান ছাড়া অন্যদের বিরুদ্ধে একই ব্যাংক থেকে আরেক মামলায় ২৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।