মুক্তিযুদ্ধ জাদুঘরসহ ৮ প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর ১৪০ কোটি টাকা
মুক্তিযুদ্ধ জাদুঘরসহ আটটি প্রতিষ্ঠানকে ১৪০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবনে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রী অনুদানের চেক হস্তান্তর করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
আট প্রতিষ্ঠানের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর ছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডকে ২৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরকে ১৫ কোটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালকে ১০ কোটি টাকা এবং ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দেওয়া হয়।
এছাড়া নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টকে প্রধানমন্ত্রী ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন বলে জানান প্রেস সচিব।
