২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেইরি-পোল্ট্রির মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছিল কোম্পানিটি

গবাদি পশু ও হাঁস-মুরগির মেয়াদোত্তীর্ণ টিকা ও ওষুধ নতুন মোড়কে ভরে বিক্রি করায় এ্যাডভান্স এনিমেল সায়েন্স নামে একটি কোম্পানিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে কোম্পানির মালিকসহ ছয়জনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 11:19 PM

Updated : 10 Oct 2022, 09:19 PM

সোমবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ঢাকার লালমাটিয়ায় এ্যাডভান্স এনিমেল সায়েন্সের প্রধান কার্যালয় এবং ফকিরাপুলে তাদের গুদামে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে তারা এসব (মেয়াদোত্তীর্ণ ওষুধ) রেখে রি প্যাক করে বাজারজাত করে আসছিল।”

দণ্ডিতরা হলেন- এ্যাডভান্স এনিমেল সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এম খান, নির্বাহী পরিচালক আমিনুল হক, ব্যবস্থাপক আলী আহমেদ খান, রেগুলেটর ব্যবস্থাপক ফজলুর রহমান, স্টোর কর্মকর্তা মাহমুদ হক খান ও অফিস সহকারী মো. দীন ইসলাম।

ডেইরি ও পোল্ট্রির মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ও ওষুধ বিক্রি ও পুনরায় বাজারে ছাড়ার দায়ে তাদের জরিমানার পাশাপাশি দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম সারোয়ার।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভুয়া লাইসেন্সও তারা ব্যবহার করছিল বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই তারা অ্যান্টিবায়োটিক বিক্রি করছিল।

র‌্যাবের নির্বাহী হাকিম বলেন, ফকিরাপুলে কোম্পানিটির গুদাম থেকে ১০ কোটি টাকার পণ্য জব্দ করা হয়।

Image
এম এম হক

এম এম হক

বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এম এম খান প্রায় ২০ বছর আগে এ্যাডভান্স এনিমেল সায়েন্স কোম্পানিটি প্রতিষ্ঠা করেন; তারা বিদেশ থেকে পোল্ট্রি ও ডেইরির ওষুধ-টিকা এনে বাংলাদেশে বিপণন করেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও তাদের অফিস রয়েছে।

অভিযানের সময় এম এম খান অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “এ সব করার কোনো সুযোগ তাদের নেই। যে স্টোরে থেকে র‌্যাব এসব মেয়াদোত্তীর্ণ মালামাল পেয়েছে, সেগুলো ধ্বংস করার জন্য সেখানে রাখা হয়েছিল। সময় মতো তা করা হত।”

তবে দীর্ঘদিন ধরে স্টোরে রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি।

হাকিম সারোয়ার বলেন, “২০১২ সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এমন ওষুধও আছে এখানে। কুকুর কামড়ানোর পর মানুষকে যে ওষুধ দেওয়া হয়, তাও মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগে, এমন ওষুধও তারা রিপ্যাক করে বিক্রি করে আসছিল।”

রাতে লালমাটিয়ার অফিস থেকে এ্যাডভান্স এনিমেল সায়েন্সের কর্মকর্তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিল; ফকিরাপুলের গুদামেও অভিযান চলছিল।