ঢাকা দক্ষিণের সহস্রাধিক বাড়িতে এইডিসের লার্ভা ধ্বংস
চলতি মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানে এক হাজার ২৬৮টি বাড়িতে এইডিস মশা লার্ভা ধ্বংস করা হয়েছে।
ডেঙ্গুর জীবাণুবাহী এই মশা থাকায় বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠান মালিককে ৩১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১ অগাস্ট থেকে এ পর্যন্ত সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৯ হাজার ৩৬৮টি বাড়িতে অভিযান চালানো হয়েছে।
জরিমানা আদায়ের পাশাপাশি বেশ কয়েকজন বাড়ির মালিককে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০৬টি বাড়ি পরিদর্শন করা হয়, জরিমানা আদায় করা হয়েছে ৬০ হাজার টাকা। এদিন ধানমন্ডির সেন্ট্রাল রোডের দুই বাড়ির মালিককে কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কলাবাগানের সেন্ট্রাল রোডের ৭৩/১ নম্বর হোল্ডিংয়ে এইডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় মো. আব্দুল মালেক (৬৭) ও মো. ইউসুফ আলীকে (৫৫ ) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সেন্ট্রাল রোডের ৭৩/বি হোল্ডিংয়ে এইডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি সোমবার ৪৭টি বাড়ি পরিদর্শন করেন।
অঞ্চল- ৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলিও ৪৭টি বাড়ি পরিদর্শন করেন। এর মধ্যে জিগাতলা ১৭/১ নম্বর হোল্ডিংয়ের হোটেল সুনামীতে নোংরা অপরিচ্ছন্ন এবং মশার লার্ভা উৎপাদন সহায়ক পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান ২৫টি বাড়ি পরিদর্শন করে তিনটিতে এইডিসের লার্ভা ধ্বংস করে দিয়েছেন।
অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৩৪ নম্বর ওয়ার্ডের আলুবাজার এলাকায় ২৭টি বাড়ি পরিদর্শন করেছেন। এরমধ্যে ছয়জন বাড়ির মালিককে সতর্ক করেন তিনি।
পরে ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারে পরিচ্ছন্নতা ও মশার লার্ভা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে চলমান ‘চিরুনি অভিযানের’ দ্বিতীয় দিন সোমবার ৩৬টি ওয়ার্ডের মোট ১০ হাজার ৭২০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এদিন ২৯৮টি বাড়ি ও স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া যায়।
এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়।
এছাড়া ৫ হাজার ১৩টি বাড়ি ও স্থাপনায় এইডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান-জমে থাকা পানি পাওয়া যায়।
এইডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার গুলশানের ‘এক্সিকিউটিভ ইন লিমিটেডকে’ তিন লাখ টাকা এবং মিরাকি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একই অপরাধে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান গুলশানে শান্তা প্রোপার্টিজকে এক লাখ টাকা, শাহজাদপুরে অনওয়ার্ড প্রোপার্টিজকে ৫০ হাজার টাকা এবং শাহজাদপুরে একটি ব্যক্তিগত নির্মাণাধীন ভবনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
