২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বিচারপতির বিরুদ্ধে কী অভিযোগ, জানতে চায় ঐক্যফ্রন্ট

‘অসদাচরণের’ অভিযোগে তদন্ত শুরু হওয়া হাই কোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে কী অভিযোগ, তা জানতে চেয়েছে জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্ট। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 05:37 PM

Updated : 08 Apr 2022, 04:37 PM

পাশাপাশি কী উপায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাও স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বিরোধী দল সমর্থক আইনজীবীদের সংগঠনটি।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে এ আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ‘অসদাচরণের’ অভিযোগে হাই কোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত জানিয়ে তাদের বিচারকাজ থেকে সাময়িকভাবে বিরত থাকতে বলে।

উচ্চ আদালতের এই তিন বিচারক হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি এ কে এম জহিরুল হক এবং বিচারপতি কাজী রেজা-উল হক।

জয়নুল আবেদীন বলেন, “তিনজন বিচারপতিকে বিচার কাজ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কী অভিযোগ, তা এখনও পরিষ্কার নয়। তারা কি আর্থিক দুর্নীতিগ্রস্ত, না অন্য কিছু, তা আমরা জানি না।”

তিনি বলেন, “বিচারপতিরা যদি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত হন, সেটা যেমন দুর্নীতি, তেমনি তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করাও দুর্নীতি বলে আমরা মনে করি।”

“কোনো বিচারপতি যদি সংবিধান শপথের মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ দায়িত্ব পালন না করে সরকারের ইচ্ছার উপর ভিত্তি করে ফরমায়েশী রায় দেন, তাহলে তিনিও দুর্নীতিগ্রস্ত বিচারপতি বলে আমরা মনে করি,” বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল।

তিন বিচারকের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা কীভাবে নেওয়া হবে, তা নিয়েও আইনাঙ্গনে রয়েছে ধোঁয়াশা।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান যখন সংবিধানে ছিল, তাতে বলা ছিল, এই ধরনের ক্ষেত্রে প্রধান বিচারপতি এবং দুজন জ্যেষ্ঠ বিচারককে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে।

তদন্তে অভিযোগ বা বিচারকের অসমর্থ্যতার প্রমাণ পেলে এবং কাউন্সিল বিষয়টি রাষ্ট্রপতিকে জানালে তিনি ওই বিচারককে অপসারণের আদেশ দেবেন।

বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরে যায় ২০১৪ সালে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে। কিন্তু সেই ষোড়শ সংশোধনী ২০১৭ সালে আপিল বিভাগ বাতিল করে। ওই রায় পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপক্ষ একটি রিভিউ আবেদন করেছে, যা এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

জয়নুল আবেদীন বলেন, “বিচার বিভাগ থেকে জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সকল প্রকার দুর্নীতির বিষয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা কামনা করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেশের প্রধান আইন কর্মকর্তা এবং আইনমন্ত্রী বিষয়টি পরিষ্কার করছেন না, যা দুঃখজনক।”

বিচারপতি নিয়োগে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে তার পক্ষে আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারসহ সব জেলা বারে মানববন্ধনের ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংগঠনের সদস্য সচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বিরোধী দল সমর্থক আইনজীবী নেতারা সংবাদ সম্মেলনে ছিলেন।

পুরনো খবর:

৩ বিচারপতির বিরুদ্ধে তদন্ত, বিচারকাজ থেকে বিরত থাকার নির্দেশ