২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে যান্ত্রিক ত্রুটি; কিছু হাজির ফিরতে দেরি

বিমানের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ‘বেশ কিছু’ সংখ্যক হাজিকে নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 04:20 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

কত সংখ্যক হাজিকে এই বিড়ম্বনায় পড়তে হয়েছে এবং তারা কবে নাগাদ ফিরতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি এই বিমান কর্মকর্তা।

তবে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি ওই হাজিদের বিকল্প ব্যবস্থায় আনার পরিকল্পনার কথা জানিয়ে তাদের স্বজনদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেছে বিমান।

গত ১৭ অগাস্ট থেকে হাজিদের নিয়ে সৌদি আরব থেকে ফিরতি হজফ্লাইট শুরু হয়েছে, যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Image
সৌদি আরব থেকে ফিরছেন হাজিরা (ফাইল ছবি)

সৌদি আরব থেকে ফিরছেন হাজিরা (ফাইল ছবি)

হজ অফিস জানিয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত ৯৬টি ফিরতি ফ্লাইটে ৩৪ হাজার ৯৯২ জন ইতোমধ্যে দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১টি এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৫৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

তাহেরা খন্দকার বলেন, “বোয়িং ৭৭৭ ৩০০ ইআর মডেলের একটি উড়োজাহাজে যান্ত্রিক ক্রুটি দেখা দেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। বিমান হাজিদের বিকল্প পদ্ধতিতে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে।”    

চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমান নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করছে। এসব উড়োজাহাজের প্রতিটি ৪১৯ জন যাত্রী পরিবহনে সক্ষম।

একটি উড়োজাহাজ বিকল হয়ে যাওয়ায় যাত্রীরা নির্ধারিত ফ্লাইটে ফিরতে পারবেন না। ফলে দুর্ভোগে পড়বেন তারা।

বিমানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলা হয়, “একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু সংখ্যক সম্মানিত হাজিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময়মতো ঢাকায় ফেরৎ আনা বিঘ্নিত হয়েছে। বিমান তার নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজ খরচে সম্মানিত হাজিদেরকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করত অতি দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করছে।”

যান্ত্রিক ক্রুটির কারণে অব্যবহৃত উড়োজাহাজটি কবে আবার ব্যবহার করা সম্ভব হবে- জানতে বিমানের প্রধান প্রকৌশলী গাজী মাহমুদ ইকবালের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমান কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরবানির ঈদের আগে এই উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হলে তা বদলে নতুন ইঞ্জিন লাগানো হয়েছিল। দুদিন আগে আরেকটি ইঞ্জিন বিকল হয়। নতুন ইঞ্জিন এনে সংযোজন করতে ২ সেপ্টেম্বর লেগে যেতে পারে।