‘ফুলবাড়ী আন্দোলনের সমর্থকরা এখন এশিয়া এনার্জির পক্ষে’
দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনির আন্দোলনে সমর্থন দেওয়া দলটি সরকারে থেকে এশিয়া এনার্জির পক্ষ নিয়েছে বলে অভিযোগ এসেছে এক সমাবেশ থেকে।
ফুলবাড়ী আন্দোলনের ১৩ বছর পূর্তিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ওই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেখানে সমাবেশে বক্তারা এ কথা বলেন।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক পরিষদের সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, “সেই সময় ফুলবাড়ী আন্দোলনের প্রেক্ষিতে ছয়দফা চুক্তি করা হয়েছিল। সেই ছয়দফা চুক্তির অন্যতম কথা ছিল বাংলাদেশে কোথাও উন্মুক্ত পদ্ধতিতে এই ধরনের খনি করা চলবে না।
“আমরা দেখতে পাই, তৎকালে যারা বিরোধী দলে ছিল এখন তারা ক্ষমতায়, তারা তখন এই দাবির প্রতি সমর্থন জানালেও এখন তা থেকে দূরে সরে এশিয়া এনার্জির যে অশুভ কর্মকাণ্ড, তার পক্ষেই তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।”
২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলের শেষ দিকে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ।
তাদের দাবি ছিল, ফুলবাড়ী কয়লা খনির জন্য এলাকাবাসীকে জমি-জমা ও বসতবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না; উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণ করা চলবে না। কয়লা খনি প্রকল্প বাতিল করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত বিদেশি ঠিকাদার এশিয়া এনার্জিকে ওই এলাকা থেকে চলে যেতে হবে।
ওই আন্দোলনের মধ্যে ২৬ অগাস্ট তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন তিনজন, আহত হন অনেকে।
সে সময় সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শত শত মানুষের বিরুদ্ধে মামলা করা হয়। সাধারণ মানুষ ঢাকা-দিনাজপুর মহাসড়ক ও রেললাইন অবরোধ করে টানা বিক্ষোভ শুরু করলে অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই জনপদ।
অবশেষে ৩০ অগাস্ট আন্দোলনকারীদের সঙ্গে সরকারের চুক্তি হয়। সে চুক্তির মূল কথা ছিল- ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জিকে প্রত্যাহার করা হবে। বন্ধ করা হবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণ।
সেই থেকে ফুলবাড়ীতে গুলি করে হত্যার দিনটি ‘জাতীয় সম্পদ রক্ষা দিবস’ হিসেবেও পালন করে থাকে বিভিন্ন সংগঠন।
সেই আন্দোলনের ১৩ বছর পূর্তির সকালে জাতীয় কমিটি ছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু এশিয়া এনার্জির প্রসঙ্গ টেনে বলেন, “আমরা প্রশ্ন রাখতে চাই সরকারের কাছে, সরকারের প্রশ্রয় ছাড়া স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে একটি কোম্পানি কিভাবে চুক্তি ছাড়া তাদের অশুভ তৎপরতা চালিয়ে যেতে পারে আজকে ১৩ বছর।”
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সেদিন বিরোধী দলের নেত্রী ছিলেন। ২৬ অগাস্টের পরে আপনি গিয়েছিলেন সেখানে। ৪ সেপ্টেম্বর সেখানে সমাবেশ করেছিলেন। সেখানে বলে এসেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে ছয়দফা চুক্তি বাস্তবায়ন করব’।আজকে ১১ বছর আপনারা ক্ষমতায়, আপনি একটি চুক্তিও বাস্তবায়ন করেননি।
“জনগণের সঙ্গে আর প্রতারণা করবেন না। আমরা বলতে চাই, চুক্তির প্রধান দাবি ছিল এশিয়া এনার্জিকে অবিলম্বে দেশ থেকে বিতারিত করতে হবে। বাংলাদেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা প্রকল্প করা যাবে না। এটা কার্যকর করতে হবে। জনস্বার্থে জ্বালানি নীতিমালা করতে হবে।”
তিনি আরও বলেন, “যখন গোটা বিশ্বব্যাপী কয়লাভিত্তিক প্রকল্প থেকে বিভিন্ন দেশ বেরিয়ে আসছে, তখন বাংলাদেশের সরকার কয়লাকে প্রধান করে আমাদের জ্বালানি নীতিমালা করছে, আমাদের বিদ্যুৎ নীতিমালা করছে। এ কোন ভয়ংকর খেলা, আমরা প্রশ্ন রাখতে চাই।”
সমাবেশে ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “এখন যারা সরকারে আছেন তখন তারা বিরোধী দলে ছিলেন এবং ফুলবাড়ীর এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন.. সরকারে আসার পর ফুলবাড়ী চুক্তি হুবহু তারা কার্যকর করবেন। এগারো বছর ধরে তারা ক্ষমতায় আছেন, এখনও পর্যন্ত ফুলবাড়ী চুক্তি কার্যকর করা হয়নি। এখনও ফুলবাড়ী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা এখনও রয়েছে।”
তিনি বলেন, “তখন এশিয়া এনার্জিকে ফুলবাড়ীর মানুষ গণঅভ্যুত্থান করে হটিয়েছে। কিন্তু আজকে তারা জিসিএম নাম নিয়ে লন্ডনের শেয়ার বাজারে প্রতারণা, মিথ্যাচারের আশ্রয় নিয়ে ব্যবসা করছে। বাংলাদেশ সরকারের সাথে তাদের আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই, অথচ ফুলবাড়ীর কয়লা দেখিয়ে আন্তর্জাতিক বাজারে তাদের ব্যবসা, পুঁজি ফুলেফেঁপে উঠছে। বাংলাদেশ সরকারকে অবিলম্বে এই জালিয়াত কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা দরকার।”
সমাবেশে সভাপতির বক্তব্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা মহানগরের সহ-সমন্বয়ক জুলফিকার আলী বলেন, “সারাবিশ্বে যেমন সম্পদ নিয়ে লুটপাট হচ্ছে, আমাদের দেশও এই লুটপাট থেকে কোনোভাবে পিছিয়ে নেই।
“ফলে আমাদের অভিজ্ঞতা যেটা বলছে, সাধারণের সম্পদ, জনগণের সম্পদ, নাগরিকের সম্পদ, তার বেঁচে থাকার অধিকার, লড়াই সংগ্রাম করে তাকে রক্ষা করতে হবে এবং লড়াই করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। ফুলবাড়ীর শহীদরা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে।”
