গাবতলীতে ভিড় কমেছে, বাসের অপেক্ষা ফুরায়নি
ঈদযাত্রার শেষ দিন রোববার গাবতলী বাস টার্মিনালে ভিড় কমলেও বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে কয়েক ঘণ্টা করে।
কাউন্টারের কর্মীরা জানালেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট আর পাটুরিয়া ঘাটে ফেরি পেতে দেরির কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে যাওয়া গাড়ি সময়মত ঢাকায় ফিরতে পারছে না। ফলে ঢাকা থেকে ছাড়তেও দেরি হচ্ছে।
তবে শনিবারের তুলনায় যাত্রীদের অপেক্ষার সময় অনেকটা কমে এসেছে বলে জানালেন তারা।
বেলা সোয়া ১১টার দিকে বরিশালগামী হানিফ পরিবহনের কাউন্টারের সামনে কথা হয় ঠিকাদার মো. বাপ্পারাজের সঙ্গে। স্ত্রী-সন্তান নিয়ে বাসের অপেক্ষায় বসে ছিলেন তিনি।
বাপ্পারাজ বলেন, “ভেবেছি ঈদের আগের দিন যাত্রী কম থাকবে, তাই আজ রওনা হয়েছি। বাস ছাড়ার কথা ছিল সকাল ১০টায়, কিন্তু এখনও টার্মিনালেই আসেনি।”
এমনিতে বরিশালের ভাড়া ৪০০ টাকা নেওয়া হলেও ঈদের সময় ৬০০ টাকা রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মো. বাহার বলেন, “ঈদের আগে ঢাকা ও বরিশাল দুই দিক থেকেই যাত্রী থাকে। ঈদে কেবল ঢাকা থেকে যাত্রী যায়। তাই ভাড়া কিছুটা বেশি রাখছি।”
ঈদযাত্রার শেষ দিন রোববার গাবতলী বাস টার্মিনালে ভিড় কমলেও বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে কয়েক ঘণ্টা করে। ছবি: মাহমুদ জামান অভি
ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক সুরভী পরিবহনের কাউন্টারের সামনে মো. আবদুল আউয়াল নামের এক যাত্রীকে অপেক্ষায় থাকতে দেখা গেল।
তিনি জানালেন, ঈদের আগের দিন যানজট কমে যাবে বলে তিনি আশা করেছিলেন। কিন্তু দুই ঘণ্টা অপেক্ষা করেও তিনি বাস পাননি।
এ পরিবহনের কাউন্টার ম্যানেজার আবদুল জব্বার বলেন, “গতকাল বিকেল থেকে যাত্রীদের চাপ কিছুটা কম। দুই দিন আগেও গাবতলী থেকে পাটুরিয়া যেতে ৫/৬ ঘণ্টা লেগেছে। এখন সময় কম লাগছে। তাছাড়া যাত্রীও কম।”
গাবতলী টার্মিনালের সামনে মানিকগঞ্জগামী ভিলেজ লাইন পরিবহনের সামনেও যাত্রীদের ভিড় চোখে পড়েনি।
কাউন্টার মাষ্টার মো.আবুল কাসেম বলেন, ঈদের আগের দিন যাত্রী অনেক কম। বাস কাউন্টারে বসে থাকলেও যাত্রী পাওয়া যাচ্ছে না।
গাবতলী বাস টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুমের সদস্যরা জানান, শুক্র বা শনিবারের মত চাপ রোববার নেই। বাস আসতে কিছুটা সময় লাগলেও আগের দুই দিনের মত ৫-৬ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না কাউকে।
