২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেটের জন্য হাহাকার, বন্ধ বাস কাউন্টার

ঈদের তিন দিন আগে রাজধানীর প্রধান দুটি বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়ের মধ্যে অনেকেই আগে থেকে টিকেট না নেওয়ায় ভোগান্তিতে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2019, 04:50 PM

Updated : 10 Oct 2022, 09:17 PM

শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনালে অপেক্ষমান দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অনেক যাত্রী টিকেটের অপেক্ষায় ছিলেন। টিকেট তো দূরের কথা যোগাযোগের জন্যও কোনো কাউন্টার খোলা ছিল না।

বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জগামী এসআই এন্টারপ্রাইজ, অভি এন্টারপ্রাইজ ও সেবা লাইনের সবগুলো কাউন্টারই বন্ধ। এসব বাসের চালকরাও কোনো উত্তর দিতে পারেনি।

ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র মো. নীরব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৯টায় এসেছি, এখনও কোনো টিকেট পাচ্ছি না। সব কাউন্টার বন্ধ দেখছি সকাল থেকে।”

কাউন্টার বন্ধ রেখে সিরাজগঞ্জের বাসের ২৫০ টাকার টিকেট ৮০০ টাকা করে বিক্রি হয় বলে অভিযোগ করেন।

তিনি বলেন, “আমাদের এই রুটের বাসে অগ্রীম টিকেট বিক্রি হয় না, বাস ছাড়ার আগে টিকেট বিক্রি হয়। ব্ল্যাকে সব টিকেট বিক্রি হচ্ছে, একহাজার টাকা দিয়েও টিকেট পাচ্ছি না।”

এসআই এন্টারপ্রাইজের বাসের এক স্টাফ বলেন, “বাস মালিকরা যেভাবে নির্দেশনা দেয়, সেভাবেই বাসে যাত্রী উঠাই। টাকা তো বেশি হবে। কারণ আসার সময় খালি আসি।”

সিরাজগঞ্জে যাওয়ার জন্য মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে বসে ছিলেন দীপু এন্টারপ্রাইজের সার্ভিসম্যান শরিফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিরাজগঞ্জে যাওয়ার সব কটা কাউন্টার বন্ধ। আমরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না।”

সিলেট রুটের এনা পরিবহনের টিকেট পাওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন সুনামগঞ্জের সামিহা আক্তার।

তিনি বলেন, “ছোট বাচ্চাদের নিয়ে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করছি। কখন টিকেট পাব, কখন গাড়িতে উঠব জানি না। সকাল ৯টার টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, যেন টিকিট আগে পাওয়া যায়, কিন্তু কোনো লাভ হয়নি। টার্মিনালে এসেই দেখি বিশাল লাইন।”

এনা পরিবহনের এক কর্মী নামপ্রকাশ না করার শর্তে বলেন, “বাসের ব্যবস্থা করেই টিকেট ছাড়ছি যাতে টিকিট পাওয়ার পর বেশি অপেক্ষা করতে না হয়।”

গাবতলী বাস টার্মিনালেও টিকেটের জন্য হা-হুতাশ উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের। সকাল থেকে বসে থাকলেও টিকেট পাচ্ছেনা অন্ততত কয়েক হাজার যাত্রী।

মাগুরার টিকেটের জন্য সকাল ৯টায় সন্তানদের নিয়ে টার্মিনালে এসেছেন নাসরিন জাহান।

তিনি বলেন, বাচ্চাদের নিয়ে কষ্ট হচ্ছে। ১২টা বাজতেছে এখনও কোন টিকেট পাই নি। কিভাবে বাড়ি যাব।”

কাউন্টারে গিয়ে টিকেট না পেয়ে বাচ্চাদের নিয়ে বিপাকে পড়েছেন গোপালগঞ্জের মকসুদপুরের যাত্রী গোলাম রসুল। তিনি বলেন, “অতিরিক্ত টাকা দিয়েও টিকেট পাচ্ছি না। সব কাউন্টারই বলে টিকিট শেষ। এখন কি করি?।”

গাবতলীগে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন মুকসেদ পুরের আরেক যাত্রী মো. রফিকুল ইসলাম শাওন।

তিনি বলেন, “২৫০ টাকার টিকেট নিয়েছি ৫০০ টাকা দিয়ে। তাও আবার সকালে এসে এখন ১২টায় পেয়েছি। গাড়ি কখন আসে বলতে পারছি না।”

বরিশাল-সাতক্ষীরা-নড়াইল রুটে চলাচলকারী ঈগল পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম বলেন, “গাড়ির সংকট নেই। তবে ফেরিতে দেড়ি হওয়ায় সঠিক সময়ে গাড়ি ছাড়া কঠিন হয়ে যাচ্ছে। আগের থেকে এক দেড় ঘণ্টা সময় দেড়িতে আমরা যাত্রী গাড়িতে উঠাচ্ছি। আর ভাড়া সরকারি চার্টের বাইরে আমরা নিচ্ছি না।”

টিকেট ফাঁকা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সিট ফাঁকা নেই। সব টিকেট বুক। অতিরিক্ত গাড়ি দিলে সিট ফাঁকা হবে।”

ঢাকা-বরিশাল-মঠবাড়িয়া গামী হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার শরিয়তউল্ল্যাহ মিন্টু বলেন, ফেরির কারণে গাড়ি ছাড়তে এক-দেড় ঘণ্টা দেরি হচ্ছে।”

ভাড়া বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসই নেই, ভাড়া বেশি নেওয়ার সুযোগ কোথায়? দুয়েকজন গোপনে এমন করে থাকলে আমরা তাদের শাস্তি দিচ্ছি।”

বাসের জন্য দীর্ঘ অপেক্ষার বিষয়ে তিনি বলেন, “যমুনা সেতুর আগে-পরে ৫০ কিলোমিটার লম্বা যানজটের কারণে রাতের গাড়িগুলো স্টেশনে পৌঁছে নাই বলে গাড়ির সংকট। একারণে বাসের সংখ্যা একেবারেই কম।”