২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্পধারা মহাসচিব মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা

একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে অর্থ আত্মসাতের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এ এ মান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 10:59 PM

Updated : 08 Apr 2022, 04:33 PM

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) ৪৩ কোটি ১৫ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়েছে।

মহাসচিবের বিরুদ্ধে মামলার আগে সম্প্রতি বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে তলব করে দুদক; তার বিরুদ্ধে অল্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন সংস্থাটি।

বিএফআইসির সাবেক চেয়ারম্যান মান্নানসহ ১২ জনকে আসামি করে বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান দুটি মামলা করেন।

অন্য আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির সাবেক এমডি মো. মাহমুদ মালিক ও ইনামুর রহমান, সাবেক এসভিপি সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী, সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক কর্মকর্তা মো. সৈকত আজাদ, সাবেক প্রিন্সিপাল অফিসার তানিজা মাজেদ, সাবেক অফিসার মাসুদ-উল-রেজা চৌধুরী, সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা আফ্রিদা আহসান, ডি আফরোজ সোয়েটার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের এমডি গোলাম জিলানী দিদার এবং ক্লিক টু ডিজাইনের এমডি মো. নাজমুল বাশার।

এজাহারে অভিযোগ করা হয়, ডি আফরোজ সোয়েটার ও ক্লিক টু ডিজাইনের নামে আলাদাভাবে বিআইএফসি থেকে দুটি করে ঋণচুক্তির মাধ্যমে বোর্ড সভার অনুমোদনের অতিরিক্ত অর্থ তুলে আত্মসাৎ করেন আসামিরা।
একটি মামলায় ১১ জন এবং অন্যটিতে আটজনকে আসামি করা হয়। মান্নান, মাহমুদ মালিক, ইনামুর রহমান, ফকরে ফয়সাল, আহমেদ করিম, নিজাম উদ্দিন ও সৈকত আজাদ দুই মামলায়ই আসামি।

১১ জনকে আসামি করে করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে  প্রতারণার উদ্দেশ্যে বিআইএফসি থেকে ডি আফরোজ সোয়েটারের নামে দুটি ঋণচুক্তির আওতায় বোর্ড সভায় অনুমোদনের চেয়ে অতিরিক্ত অর্থ তোলেন। এই ঋণের ২৮ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা পরিশোধ না করে আসামিরা আত্মসাৎ করেন।

২০০৮ সালের জুলাই থেকে ২০১৪ সালের অগাস্ট পর্যন্ত সময়ে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে এজাহারে বলা হয়।

আটজনকে আসামি করে করা মামলার এজাহারে বলা হয়, বিআইএফসি থেকে ক্লিক টু ডিজাইনের নামে দুটি ঋণচুক্তির আওতায় অবৈধভাবে ঋণ নিয়ে ১৪ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন আসামিরা।

২০১০ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে এজাহারে বলা হয়।