২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটা সাধারণ মশা মানুষ মাইরালায়!’

ছয়দিন ধরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ময়মনসিংহের হাবিবুর রহমান; কয়েকজনকে একই যন্ত্রণা নিয়ে সেখানে মরতে দেখেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 06:10 PM

Updated : 10 Oct 2022, 09:17 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যপথযাত্রীদের সঙ্গে পাশাপাশি থাকতে থাকতে এক সময় নিজের মনেও জীবন যাওয়ার ভয় ঢুকেছে হাবিবের; রাজধানী ঢাকার মাণ্ডা এলাকায় বেড়াতে এসে ডেঙ্গুর জীবাণু বাসা বেঁধেছিল তার শরীরে।

মশার কামড়ে মানুষের মৃত্যু আশ্চর্য হয়ে ধরা দিচ্ছে হাবিবুরের কাছে।”একটা সাধারণ মশা মানুষ মাইরালায়!”, অস্ফুটে বলেন তিনি।

হাবিবের মতো ৬৭৫ জন ডেঙ্গু নিয়ে বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত সেখানে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য।

ডেঙ্গুর চাপে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় অধিকাংশের জায়গা হয়েছে হাসপাতালের ওয়ার্ড কিংবা ওয়ার্ডের বাইরের মেঝেতে।

এই হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে যে ১০ জন ডেঙ্গু রোগীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে, তাদের কয়েকজন জানিয়েছেন ঢাকায় বেড়াতে কিংবা কাজে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা।

স্ত্রী শারমিনকে নিয়ে ‍জুলাইয়ের মাঝামাঝিতে ঢাকার মাণ্ডা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন ময়মনসিংহের হাবিব। সেখানকার এই গাড়িচালক ঢাকায় একটি চাকরির সন্ধানও করছিলেন।

পল্টনের একটি ভবনে লিফটম্যানের কাজ নিয়ে গত বৃহস্পতিবার চাকরি শুরু করার একদিনের মাথায় ডেঙ্গু আক্রান্ত হন হাবিব। শনিবার ঢাকা মেডিকেলে আনার পর থেকে সিঁড়ির পাশের এক কোণার মেঝেতে জায়গা হয়েছে তার।

হাবিবের স্ত্রী শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”জ্বর এখনো আছে, খাইতে পারতেছে না কিছু। তবে আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। আজকে ডাক্তার আসার পর সে বলছে, যদি রিলিজ দেওয়া যায়! ডাক্তার বলছে, দেখবেন।”

তবে কোন এলাকায় কখন কীভাবে হাবিব এইডিস মশার কামড় খেয়েছেন ’তাতো অজানা’, আক্ষেপের সুরে বলেন শারমিন।

ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা এইডিস ইজিপ্টির আক্রমণ এতদিন ঢাকায়ই দেখা গেছে। তবে এবার ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকার হাসপাতালগুলো, অনেকেই জ্বর নিয়ে গ্রামে ফিরে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবার অনেকে ঢাকা থেকে ফিরে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। এরমধ্যে সাম্প্রতিক সময়ে ঢাকায় না আসা ব্যক্তিদেরও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রেকর্ড ৩৪ হাজার ৬৬৬ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য সরকারি খাতায় নথিভুক্ত হয়েছে। এ পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের বরাতে শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে কোনো কোনো সংবাদমাধ্যমে। দেশে রাষ্ট্রপরিচালিত সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও সেই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় আসেনি।

আজিমপুর কোয়ার্টারে ননদের বাসায় বেড়াতে এসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জের তানিয়া আক্তার। প্রথমে ইবনে সিনা হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে তার। শনিবার তার গন্তব্য হয় ঢাকা মেডিকেলের নতুন ভবনের ছয়তলার মেঝে। বৃহস্পতিবারও তার শরীরে স্যালাইন চলছিল।

তানিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”ননদ অসুস্থ হওয়ায় ২০-২৫ দিন আগে আসছি। কলোনির বড় বড় ড্রেন, আর ময়লা-আবর্জনার কারণে প্রচুর মশা। এখন সুস্থ। রিলিজ দিলে বাসায় যাব।”

শ্বশুরবাড়ি ঢাকার বাংলামোটরে হলেও শরীয়তপুরে গ্রামের বাড়িতে থাকেন রেখা আক্তার তামান্না। এক মাস আগে ঢাকায় বেড়াতে আসেন তিনি।

বৃহস্পতিবার তীব্র জ্বর অনুভূত হওয়ার পর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে নেওয়া হয় তামান্নাকে। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু শনান্ত হলে দ্রুত ঢাকা মেডিকেলে আনা হয় তাকে।

শুক্রবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর তারও জায়গা হয় হাসপাতালের নতুন ভবনের ওই ছয়তলার মেঝেতে। এর মধ্যে এক ব্যাগ রক্ত দিতে হয়েছে তামান্নাকে।

হাসপাতালে অবস্থানের এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবার তামান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় আসলাম, আর তাতেই ডেঙ্গু মশা কামড়াইল! আগামী শনিবার রক্ত পরীক্ষা করে জানাবে, কখন রিলিজ দেবে।”

রোগী অতিরিক্ত বাড়লে বার্ন ইনস্টিটিউটে ‘স্থানান্তর”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম থেকে নবম তলা পর্যন্ত রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। যত্রতত্র মেঝেতে অন্য রোগীদের সঙ্গে তাদের থাকতে হচ্ছে।

এখন পর্যন্ত রোগীদের মূল হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব হলেও চাপ বাড়লে অন্যত্র স্থানান্তরের চিন্তা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত হাসপাতালের ভেতরে চিকিৎসা দিচ্ছি আমরা। আটশ’র মতো রোগীকে এখানে চিকিৎসা দেওয়া যাবে। আইসিইউ ও শিশু ওয়ার্ডে জায়গা হচ্ছে। এরপরও রোগীর চাপ বাড়লে আমরা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার ব্যবস্থা করব।”

বুধবার হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর চেয়ে ছাড় পাওয়াদের সংখ্যা বেশি হওয়ায় আশাবাদী হলেও প্রস্তুতি রাখার কথা বলেছেন তিনি।

নাসির জানান, আগের দিন ১৩০ জন রোগী ভর্তির বিপরীতে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৭৬ জনকে। এখন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬৭৫ জন। আগের দিন ছিলেন ৭২১ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট তিন হাজার ৬৭৬ জন ডেঙ্গু নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন বলে জানান পরিচালক। এর মধ্যে অগাস্ট মাসের প্রথম এক সপ্তাহেই ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯ জন।