২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি, বাড়তি ভাড়া, গড়বড় সূচি- ঈদযাত্রায় সঙ্গী

বৃষ্টি মাথায় বাসা থেকে বেরোনোর বিড়ম্বনা তো আছেই। লটবহর নিয়ে নির্ধারিত সময়ের আগে কাউন্টারে পৌঁছানো গেলেও বাসেরই হদিস নেই। যারা আগাম টিকেট নেননি তাদেরকে আবার গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এতসব ভোগান্তি মেনেও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 04:11 PM

Updated : 08 Apr 2022, 04:33 PM

বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। ফলে যারা আগাম টিকেট নিয়েছিলেন তাদেরকে বৃষ্টির মধ্যেই নির্ধারিত সময়ে কাউন্টারে হাজির হতে হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা নাটোর, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের বাসগুলো যথা সময়ে ঢাকা ছেড়ে গেলেও বেলা গড়ানোর সাথে সাথে পেছাতে থাকে সূচি।

ঢাকা সংলগ্ন বাইপাইল মহাসড়কে যানজটের কারণে দুপুরের পর বাসগুলো ছাড়তে বিলম্ব হয় বলে বিভিন্ন পরিবহনের কাউন্টারকর্মীরা জানিয়েছেন।

দুপুরে কল্যাণপুর বাস কাউন্টারে কথা হয় উত্তরবঙ্গগামী শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টারকর্মী রবিউল ইসলামের সঙ্গে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে গাড়িগুলো যথাসময়ে ছাড়লেও দুপুরের পর সাভার বাইপাইল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে সড়কের বিভিন্ন স্থানে গরু বোঝাই ট্রাক। এটাই যানজটের কারণ।”

ভালো ও পরিচিত কোম্পানির কাউন্টারে তাৎক্ষণিক টিকেট না থাকলেও অনেকেই ‘বিশেষ বাস’ চালু করতে যাত্রীর জন্য হাঁকডাক দিচ্ছিলেন। তবে এক্ষেত্রে নির্ধারিতর ভাড়া কিছুটা বেশিই দিতে হচ্ছে।

নাটোরের যাত্রী ফারুক হোসেন জানান, দুপুরে কাউন্টারে এসেই ৬৫০ টাকায় একটি টিকেট পেয়েছেন।

“নাটোরের ভাড়া সাধারণত ৪৫০ থেকে ৫০০ টাকায়। আমাকে একজন পরিচিত লোক টিকেটটি এখনই করে দিলেন। আমি খুশি হয়ে তাকে একশ টাকা দিয়েছি, তিনি নিতে চাননি।”

এবছর টিকেট অনলাইনে বিক্রি করেছে উত্তরবঙ্গগামী আরেকটি পরিবহন প্রতিষ্ঠান নাবিল পরিবহন। দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড় ও কুড়িগ্রামে প্রতিদিন ৫০টির মতো গাড়ি যায় এই কোম্পানির।

নাবিল পরিবহনের কাউন্টারকর্মী সুমন আহমেদ বলেন, গত ২৬ তারিখের মধ্যেই তাদের টিকেটগুলো অনলাইনে বিক্রি হয়ে গেছে। এক্ষেত্রে এখন যাত্রীদের বাসে তুলে দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ নেই।

একই পরিস্থিতি শ্যামলী পরিবহনের কাউন্টারে। এই পরিবহনেও বৃহস্পতিবার আগাম টিকেটের যাত্রীরা ভ্রমণ করছিলেন।

শ্যামলী পরিবহনের কর্মকর্তা মোহাম্মদ নাসিম বলেন, “আমরা এখনও সূচির বাইরে বিশেষ বাস যোগ করতে পারিনি। যাত্রীদের চাপ আছে, সুযোগ পেলে বিশেষ বাস দেওয়া হবে।”

টিকেট কালোবাজারিতে কাউন্টারকর্মীরা

দুপুরে উত্তরবঙ্গগামী গ্রামীণ পরিবহনের কাউন্টারের সামনে টিকেট কালোবাজারির একটি ঘটনায় হট্টগোলের ঘটনা ঘটে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য সোহরাব হাতেনাতেই অনিয়মের ঘটনাটি ধরেন।

ভুক্তভোগী নাটোরের যাত্রী বেনজির জানান, বেলা ১১টার দিকে কাউন্টারে আসার পর একজন টিকেট আছে বলে তাকে জানায়। তার কাছে প্রতিটি টিকেটের দাম রাখা হয় ৭০০ টাকা।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য সোহরাব বলেন, কাউন্টার থেকে বলা হয়েছে কিছু যাত্রী যাবেন না বলে টিকেট ফেরত দিয়েছেন। সেই টিকেটই তাৎক্ষণিক বিক্রি করা হয়েছে। কিন্তু টিকেটে লেখা যাত্রীদের নামের সঙ্গে ওই কাউন্টারকর্মীর কথা মিল পাওয়া যাচ্ছিলনা।

“দাম বেশি রাখার কারণ তারা জানাতে পারেনি। পরে তাদেরকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছি।”