খুলনায় আসন সংরক্ষিত দেখিয়ে ট্রেনের টিকেট ‘কালোবাজারে’
খুলনা রেলওয়ে স্টেশনে কম্পিউটার নেটওয়ার্কে ট্রেনের আসন ভিআইপিদের জন্য সংরক্ষিত দেখিয়ে টিকেট কালোবাজারে বিক্রির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল বুধবার স্টেশনে অভিযানে গিয়ে এই প্রমাণ পায় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
প্রনব বলেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের ১৬ অগাস্টের ট্রেনের ১৪টি স্নিগ্ধা, আটটি এসি সিট এবং ১৪০টি শোভন চেয়ার শ্রেণির আসন ‘ব্লকড’ অবস্থায় পান দুদক কর্মকর্তারা।
“ভিআইপিরা সাধারণত শোভন চেয়ারের টিকেট কেনেন না। তাহলে ওই ১৪০টি সিট কেন ব্লক করে রাখা হল তার সদুত্তর স্টেশন কর্তৃপক্ষ দিতে পারেনি।
“কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই সিটগুলো ব্লক করে রাখা হয়েছে বলে দুদকের অভিযান দলের কাছে প্রতীয়মান হয়েছে।”
এ কারণে স্টেশনের প্রধান বুকিং সহকারী মেহেদী হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে দুদকের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলে জানান প্রনব।
এদিকে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক ভোগান্তি ও হয়রানির অভিযোগ পেয়ে সেখানেও অভিযান চালিয়েছে দুদক।
দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম বজলুর রশীদের নেতৃত্বে এ অভিযানে ‘গ্রাহক হয়রানি ও দায়িত্বে অবহেলার’ প্রমাণ পাওয়ায় পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. বায়েজিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া ওই অফিসে এক ‘দালালকে’ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান প্রনব।
