২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব টিভির সম্প্রচার ‘৩ মাসের মধ্যে’

দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল আগামী তিন মাসের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 06:22 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকের পর অ্যাটকো নেতৃবৃন্দ সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাটকোর সদস্য ইকবাল সোবহান চৌধুরী বলেন, আগামী বৃহস্পতিবার তাদের ‘টেকিনিক্যাল’ প্রতিনিধিরা বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের সঙ্গে বসবেন এবং কারিগরি সমস্যাগুলো দূর করার ‘বাস্তব পদক্ষেপ’ নেবেন।

“আমরা আশা করি, দুই থেকে তিন মাসের মধ্যে আমরা পুরোপুরিভাবে বাংলাদেশের সকল চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করতে পারব- এটি আমাদের প্রত্যয়।”

ইকবাল সোবহান বলেন, “বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে আমাদের কমিটমেন্ট আছে, আমরা অ্যাটকোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কমিট করেছি যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটে যাচ্ছি এবং যাব। ইতোমধ্যে অনেকেই চুক্তি স্বাক্ষর করেছে।”

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল বাবু সাংবাদিকদের বলেন, দেশের সবগুলো চ্যানেলই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেস্ট ট্রান্সমিশনে আছে।

“টেস্ট ট্রান্সমিশন চলাকালে ফাইবার কানেক্টিভিটি যেহেতু ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা কারণে মাঝে মাঝে ফাইবার কাটা পড়ার কিছু ঘটনা ঘটেছে। এই কনসার্নগুলো আমরা তাদের জানিয়েছি।”

স্যাটেলাইট কর্তৃপক্ষ বিকল্প যোগাযাগ ব্যবস্থা আরও বাড়াতে সম্মত হয়েছে জানিয়ে মোজাম্মেল বাবু বলেন, “কোনো একটা কাটা পড়লেও যাতে অসুবিধা না হয়, সেজন্যই বিকল্প ব্যবস্থা।”

ইকবাল সোবহান চৌধুরী বলেন, তারা কেবল নেটওয়ার্ক ডিজিটাল করতে বলেছেন। সেজন্য অপারেটরদের চিঠিও দিয়েছেন।

“ডিজিটাল হওয়ার পরে আমাদের চ্যানেলগুলো পে-চ্যানেল করা যাবে। তাতে কিছু সুযোগ পাওয়ার সুবিধা আমাদের সৃষ্টি হবে। আমাদের কিছু সঙ্কটেরও সমাধান হবে।”

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন চ্যানেলে বিদেশি সিনেমা দেখানো হচ্ছে, তাতে দেশের কলা-কুশলীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

“ডাবিং করা সিরিয়াল দেখানো হচ্ছে- সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে নানা ধরনের সুপারিশ এসেছে।”

ইতোমধ্যে ছয়টি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের জন্য চুক্তি করেছে, বাকি টেলিভিশন চ্যানেলগুলোও শিগগিরই যাতে করে- সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

কবে নাগাদ সব টিভি চ্যানেল চুক্তিতে সই করবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, “সহসাই। ডেডলাইনের বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সেই সিদ্ধান্ত নেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ। সবাই সম্মত হয়েছে, খুব সহসা চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে আলোচনা হয়েছে।”

তথ্য সচিব মো. আবদুল মালেক, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ ঊর্ধতন কর্মকর্তারা এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের সভায় উপস্থিত ছিলেন।