২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধু-সহপাঠীদের স্মৃতিতে শেখ কামাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় চেলে শেখ কামালকে তার ৭০তম জন্মবার্ষিকীতে স্মরণ করলেন তার বন্ধু, সহপাঠী ও সহ-খেলোয়াড়রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 07:29 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘বহুমাত্রিক শেখ কামাল’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন।

এতে প্রধান অতিথির বক্তব্যে শেখ কামালের বন্ধু বর্তমানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, “এখন মনে হচ্ছে এই তো ইউনিভার্সিটির করিডোরে ঘুরছি, খেলার মাঠে আছি, সেখানে শেখ কামালও আছেন।

“আমার রাজনীতিতে আসা, এখন যে অবস্থান, এসবের অবদান আমি শেখ কামালকে দিতে চাই। আমি প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসলাম তার কারণে।”

তিনি বলেন, “আমি পুরান ঢাকায় বড় হয়েছি। পড়াশোনা, আড্ডা, রাজনীতি সবকিছু এই শহর থেকে শুরু। আইয়ুব-মোনায়েমের আমালে আমাদের বন্ধুরা শহরের যেসব জায়গাতে আড্ডা দিতাম, রাজনীতি নিয়ে কথা বলতাম, সেখানে আমাদের অন্যতম ব্যক্তি ছিলেন কামাল।”

স্মৃতিচারণ করে আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ বলেন, “আমি শেখ কামালের ক্রীড়াঙ্গণের সহচর ছিলাম। কামাল অতি সাধারণ মানুষ ছিলেন। তিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর ছেলে এমন মনোভাব ছিল না। তিনি বিলাসী জীবন-যাপন করেননি, অতি সাধারণ জীবন-যাপন করতেন।

“শেখ কামাল কেবল ক্রীড়াবিদই ছিলেন নন, তিনি ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি নাট্যকারও ছিলেন। তিনি ছাত্রনেতা ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি যে বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন এতে কোনো সন্দেহ নেই। তিনি চিন্তা-চেতনায় অনেক দূরদর্শি ছিলেন।”

শেখ কামালের আরেক বন্ধু ও একাত্তরের সহযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাঈদ মাসুদ বলেন, “শেখ কামালের সাথে আমার পারিবারিকভাবে সুসম্পর্ক গড়ে উঠে। তার মন ছিল অনেক বড়। অনেক সময় ঢাকার বাইরে কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত।”

স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে তিনি বলেন, “যুদ্ধকালীন সময় সে অনেক প্রাণবন্ত থাকত, আমাদেরকে হাসিখুশিতে রাখত। কখনও কখনও গান-বাজনা করে আমাদেরকে উল্লসিত করে রাখত।”

কৈশোরে কামালের বন্ধু অবসরপ্রাপ্ত মেজর দোস্ত মোহাম্মদ জানালেন, একটা স্কুল বদলালেও বন্ধুত্বে ছেদ পড়েনি কখনও।

“একজন রাষ্ট্রপতির ছেলে হয়েও তার মধ্যে বন্ধুত্বের কোনো ভোদাভেদ ছিল না। সবাইকে সহজে আপন করে নিতেন।”

শেখ কামালের সাথে খেলাধুলা করেছেন জালাল আহমেদ চৌধুরী।

তিনি বলেন, স্বাধীনতার পর পর বাংলাদেশে ক্রিকেট অস্তিত্বের সংকটে পড়েছিল, সে অবস্থা থেকে শেখ কামালই উত্তরণ ঘটিয়েছিলেন।

সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, “শেখ কামালকে নিয়ে চর্চা অনেক কম, এই চর্চা বাড়াতে হবে। যার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা আরও এগিয়ে যাব।”

সংগঠনের আহ্বায়ক ও শেখ কামালের বন্ধু পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘ক্রীড়াঙ্গণে শেখ কামাল’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।

শেখ কামালের দুর্লভ সব আলোকচিত্র সম্বলিত এই প্রদর্শনীর আয়োজন করেছে জয়ীতা প্রকাশনী।