বেশি দামে ওডোমস বিক্রি করায় ল্যাভেন্ডারকে জরিমানা
ডেঙ্গুর প্রকোপের মধ্যে বেশি দামে মশা প্রতিরোধী ওডোমস ক্রিম বিক্রি ও অনুমোদনহীন পণ্য রাখায় গুলশানের সুপার শপ ল্যাভেন্ডারকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ওডোমস ক্রিমের দাম বেশি রাখা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিজাত এলাকার এই দোকানটিতে অভিযানে যান অধিদপ্তরের কর্মকর্তারা। দলে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, মাসুম আরেফিন ও আফরোজা রহমান।
তাদের কাছে ল্যাভেন্ডারে ৫০ গ্রামের একটি ভারতীয় ওডোমস ক্রিমের দাম ৬৫০ টাকা রাখার প্রমাণ ছিল। পণ্যটি সপ্তাহ খানেক আগেও দেড়শ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে।
অভিযানের সময় ল্যাভেন্ডারের ব্যবস্থাপক সৈয়দ সেলিম উদ্দিন আহমেদ অধিদপ্তরের কর্মকর্তাদের জানান, ক্রিমটি এতদিন ৩০০ টাকায় তারা বিক্রি করলেও দুইদিন ধরে এর মজুদ নেই। তাই বেশি দাম রাখার কোনো তথ্য তার জানা নেই।
তখন দুইটি ক্রিম ১৩০০ টাকায় বিক্রির একটি রসিদ দেখান অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার।
এসময় ল্যাভেন্ডারের ব্যবস্থাপক বলেন, ব্যাপারটি কিভাবে ঘটল তা তার জানা নেই।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানার টাকা দিচ্ছেন এক বিক্রেতা। ছবি: আসিফ মাহমুদ অভি
এছাড়া সুপার শপটিতে থাইল্যন্ডের তৈরি বুটস ব্র্যান্ডের একটি ৫০ গ্রামের স্প্রে বিক্রি করা হচ্ছে ১১৫০ টাকায়। সর্বোচ্চ এই খুচরা মূল্য ল্যাভেন্ডার কর্তৃপক্ষ নিজেদের মতো করেই নির্ধারণ করেছে। এই পণ্যটি বৈধভাবে আমদানির কোনো কাগজপত্রও দেখাতে পারেনি তারা। এছাড়াও শুল্ক ফাঁকি দিয়ে আনা (লাগেজ পার্টি) বিভিন্ন প্রসাধন সামগ্রীও পাওয়া গেছে ল্যাভেন্ডারে।
এসব কারণে ল্যাভেন্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আব্দুল জব্বার মণ্ডল পরে বলেন, “দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে কোম্পানিগুলো তাদের সামাজিক দায়বদ্ধতার দিক বিবেচনায় পর্যাপ্ত পণ্য সরবরাহের মতো ভালো কিছু কাজ মানুষের জন্য করতে পারত। কিন্তু দেখা যাচ্ছে এর উল্টো প্রবণতা। পণ্যের চাহিদা বৃদ্ধির সুযোগে তারা দাম বাড়িয়েছে কয়েকগুণ।”
সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সম্প্রতি ডেঙ্গু পরীক্ষার কিট, মশা নিরোধক ক্রিমের দাম কয়েকগুণ বেড়ে যায়।
ঢাকার গুলশান-২ নম্বরের একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে পরিমাণে কম দেওয়ায় জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আসিফ মাহমুদ অভি
এদিন ল্যাভেন্ডারের পাশেই ওষুধের দোকান ইউনাইটেড ফার্মাকে অবৈধ বিদেশি পণ্য রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজনে কম দেওয়া এবং মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় কারণে ভাগ্যকূল একটি মিষ্টান্ন দোকানকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা।
অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা পারভিন জানান, প্রতিষ্ঠান দুটি যে ধরনের অপরাধ করেছে আইনে তাদের আরও বড় শাস্তি দেওয়ার কথা বলা হলেও প্রাথমিক সতর্কতা হিসেবে জরিমানা করা হয়েছে।
এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদণ্ড পাওয়া ফার্মেসি ও চেইন শপের মালিকদের সঙ্গে বৈঠক করেছেন অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
ভোক্তা অধিকার আইন, ভোক্তা স্বার্থ ও ব্যবসায়ীর নৈতিক ও সামাজিক দায়িত্ব সম্পর্কে তাদের বিভিন্ন পরামর্শ দেন তিনি।
বেশি দামে ওডোমস বিক্রির দায়ে রোববার জরিমানা গোনা ইউনিমার্টের সহকারী মহাব্যবস্থাপক আতা উল্লাহ রিপন এ সময় বলেন, নির্দিষ্ট লাভ্যাংশ রেখেই তারা পণ্য বিপণন করেন।
“তবে সম্প্রতি সরবরাহকারীরা পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছেন বলে আমাদের দোকানেও বেড়ে গেছে।”
