ওডোমসের দাম কয়েক গুণ, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকায় ডেঙ্গুর প্রকোপে চাহিদা বাড়ায় মশা প্রতিরোধী ক্রিম ওডোমসের দাম কয়েক গুণ বাড়িয়ে নেওয়ায় পাঁচটি বিপণন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দিনভর রাজধানীর কলাবাগান ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিটিকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিটি ওডোমসের দাম ৩০০ টাকা থেকে ৫৪৮ টাকা পর্যন্ত রাখছিল এসব সুপারশপ ও ফার্মেসি, যা এতদিন বিক্রি হচ্ছিল ১২৫ টাকায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কলাবাগানের সুইস ফার্মা, দেশ ফার্মা ও লাইফকেয়ার ফার্মাকে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা করে। এর মধ্যে সুইস ফার্মাকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সোমবার অধিদপ্তরের কার্যালয়ে ডাকা হয়েছে।
অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “সকালে অধিদপ্তরের কর্মীরা কলাবাগানের দোকানগুলো থেকে ক্রেতা সেজে ওডোমস কিনতে গেলে দাম রাখা হয় ৩০০ টাকা করে। তারা কোনো বিক্রি রশিদও দেয়নি। বিষয়টি তখন ভিডিও করে রাখা হয়েছিল। কিছু দিন আগেও এই ওষুধ একশ টাকার চেয়ে কিছু বেশি টাকায় বিক্রি করা হচ্ছিল “
“মানুষের কষ্টের সুযোগে অতি মুনাফা বড় ধরনের অপরাধ। আমাদেরকে এই ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।”
অভিযানের সময় সুইস ফার্মায় দাঁড়িয়ে ফেইসবুক লাইভে আসেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় তার জিজ্ঞাসাবাদে ওই দোকানের একজন বিক্রয়কর্মীকে বলতে শোনা যায়, তারা ১৫৫ টাকায় কিনে এই ক্রিম ৩০০ টাকায় বিক্রি করছিলেন।
একই দিনে রাজধানীর গুলশান ২ নম্বর চত্বরে সুপার শপ ইউনিমার্ট ও ওয়েলবিংয়ে অভিযান চালিয়ে ওডোমসের অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অপরাধে দুটি প্রতিষ্ঠানকেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়। ইউনিমার্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়ে তাদের প্রতিনিধিদের সোমবার অধিদপ্তরের কার্যালয়ে তলব করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দুটি প্রতিষ্ঠানে ওডোমস নাই বলে প্রথমে তারা আমাদের কাছে দাবি করেছিল। পরে তল্লাশি চালিয়ে তাদের স্টকে গিয়ে ওডোমস পাওয়া যায়। এটি একটি অপরাধ হয়েছে।
“দ্বিতীয়ত তাদের সফটওয়্যার তল্লাশি চালিয়ে দেখা যায়, দুই দিন আগে ২৬৫ টাকা করে তারা পণ্যটি বিক্রি করেছিল। আজকে তারা ৫৪৮ টাকা করে বিক্রি করছিল।”
জরিমানার বিষয়ে ইউনিমার্টের কাস্টমার কেয়ারে ফোন করলে বলা হয়, এই বিষয়ে তাদের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে যেন জেনে নেওয়া হয়।
জরিমানার বিষয়ে অন্য প্রতিষ্ঠানগুলোর বক্তব্যও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
