২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি যেন না হয়: রাষ্ট্রপতি

হজ ব্যবস্থাপনায় সম্পৃক্ত যে কোনো অবহেলা, অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে মোকাবেলা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 10:25 AM

Updated : 10 Oct 2022, 09:17 PM

শনিবার বঙ্গভবনে বাংলাদেশি হজযাত্রীদের পরামর্শ দেওয়ার জন্য সৌদি আরবে পাঠাতে গঠিত ওলামা-মাশায়েখ দলের সঙ্গে মতবিনিময়ে এ আহ্বান জানান তিনি।
এবারই প্রথম বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের পরামর্শ দেওয়ার জন্য ৫৮ সদস্যের ওলামা দল সৌদি আরব যাচ্ছে।
বঙ্গভবনের দরবার হলে ওই মতবিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, অনেক এজেন্সি যেসব সুযোগ-সুবিধার কথা বলে হাজিদের মক্কা-মদিনায় নিয়ে যান, ওখানে যাওয়ার পর তা আর রক্ষা করেন না।

“ফলে হাজিদের অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়তে হয়। শেষ সময়ে সরকারকে হস্তক্ষেপে করতে হত। এহেন কার্যক্রম দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। হাজিদের সাথে এ ধরনে প্রতারণা কোনোভাবেই কাম্য নয়।”

এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়ে আবদুল হামিদ বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের নেতিবাচক কিছু ঘটেনি। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আশা করছি, হজের অন্যান্য কার্যক্রমও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”

তিনি বলেন, “এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যে কোনো অবহেলা, অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে মোকাবেলা করতে হবে।” ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে আলেমদের সজাগ থাকার আহ্বান জানান আবদুল হামিদ। ওলামাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের নেতৃস্থানীয় ইসলামী চিন্তাবিদ। ইসলাম শান্তির ধর্ম। ধর্ম মানুষকে আলোর পথ দেখায়, সমাজ থেকে অন্ধকার ও কুসংস্কার দূর করে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি বিশেষ করে যুব সমাজকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা চালায়। আপনাদেরকে এসব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

“বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে আপনারা বাংলাদেশকে তুলে ধরবেন। বাংলাদেশি হাজি বা কোনো নাগরিকের আচার-আচরণ, কথা-বার্তায় কেউ যাতে কষ্ট না পায়, আমাদের সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি না হয়, সে দিকে বিশেষ খেয়াল রাখবেন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।