সোহরাওয়ার্দী মেডিকেলে ভুয়াছাত্রী আটক
ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এক ভুয়া ছাত্রীকে আটক করেছে পুলিশ।
গত প্রায় এক সপ্তাহ ধরে সোহানা জান্নাত শাম্মী (২০) নামের ওই তরুণী মেডিকেল কলেজের কমনরুমে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার রাতে তাকে আটকের পর পান্থপথ থেকে আবদুর রাজ্জাক রাজু নামে আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেডিকেলে ভর্তির কথা বলে শাম্মীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া অভিযোগ রয়েছে রাজুর বিরুদ্ধে।
শাম্মী পুলিশকে বলেছেন, রাজুই ভুয়া পরিচয়পত্র তৈরি করে তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে থাকার ব্যবস্থা করে দেন।
শাম্মী ২০১৭ সালে দিনাজপুরের হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তার ইচ্ছা ছিল মেডিকেল কলেজে পড়ার।
তিনি বলেন, রাজু নামের ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হলে তিনি তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ভর্তির আশ্বাস দেন। সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেলে মাইগ্রেশন করে আনার প্রতিশ্রুতিও দেন।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে রাজু শাম্মীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। রাজুর আশ্বাস পেয়ে শাম্মী কিছুদিন আগে ঢাকায় এসে এক মহিলা হোস্টেলে উঠে।
“এক সপ্তাহ আগে সে শাম্মীকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কমনরুমে থাকার ব্যবস্থা করে দেয়। সেই সাথে ভুয়া পরিচয়পত্র তৈরি করে দেয়।”
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শাম্মীকে নিয়ে অন্য শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে প্রথমে শাম্মীকে আটক করে । তার দেওয়া তথ্যে শুক্রবার সন্ধ্যায় রাজুকে পান্থপথ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ পরিদর্শক আজাদ।
