কোরবানির ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ কবে হবে- তা জানা যাবে শুক্রবার সন্ধ্যায়।
ঈদুল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এই বৈঠকে সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে শনিবার থেকে হিজরি পঞ্জিকার জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ অগাস্ট।
আর শুক্রবার চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ হবে ১৩ অগাস্ট।
.
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ১১ অগাস্ট; আর তার আগের দিন হবে হজ।
সারা বিশ্ব থেকে হজ করতে সৌদি আরবে জড়ো হওয়া লাখো মানুষ সেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার মানুষ হজ করার কথা রয়েছে।
শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এবার ১২ অগাস্ট কোরবানির ঈদ ধরে ১১, ১২ ও ১৩ অগাস্ট কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ ১৩ অগাস্ট হলে ছুটি হবে ১২ থেকে ১৪ অগাস্ট।
