ঢাকা দক্ষিণের ১১টি ওয়ার্ড এডিসের লার্ভামুক্ত, দাবি মেয়রের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮টি ওয়ার্ডের মধ্যে ১১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপের বরাতে দাবি করেছেন মেয়র সাঈদ খোকন।
মেরাদিয়া, গোড়ান, হাজারীবাগ, জিগাতলা, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, চকবাজার, পোস্তা, ইংলিশ রোড, মালিটোলা, বংশাল, কলতাবাজার, জুরাইন, কদমতলী, কামরাঙ্গীরচর এলাকার সমন্বয়ে এই ১১টি ওয়ার্ড।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন এই জরিপের ফলাফল তুলে ধরে বলেন, এটা ডেঙ্গু মোকাবেলায় তাকে আশান্বিত করছে।
এবছর বর্ষার শুরুতে জুনের প্রথম ভাগে ঢাকায় মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দেয়। ইতোমধ্যে তা সারাদেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন; বিভিন্ন ভবনে অভিযান চালিয়ে জমে থাকা পানি পেলে জরিমানাও করা হচ্ছে।
মেয়র খোকন জানান, গত ১৭ থেকে ২৭ জুলাই ঢাকা দক্ষিণের ৩, ১৪, ১৮, ২২, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৩, ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড এলাকায় জরিপ চালিয়ে ডেঙ্গু রোগের জন্য দায়ী এডিস মশার লার্ভার উপস্থিতি শূন্য পেয়েছে স্থাস্থ্য অধিদপ্তর।
“এই জরিপে প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা গেছে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১১টি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়নি। এটা আমাকে আশান্বিত করছে, আমাদের স্বপ্ন দেখাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, জানপ্রাণ দিয়ে চেষ্টা করি ডেঙ্গু মোকাবেলা অবশ্যই সম্ভব।”
জরিপে ঢাকা দক্ষিণের সাতটি ওয়ার্ডে বেশি লার্ভা পাওয়া গেছে। এগুলো ৫, ১৩, ২০, ৩৯, ৪০, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে আহম্মদবাগ, বাসাবো, নয়াপল্টন, শান্তিনগর, সেগুনবাগিচা, ওয়ারী, টিকাটুলি, গেণ্ডারিয়া, ফরিদাবাদ, সুত্রাপুর এলাকা।
মেয়র খোকন বলেন,এসব ওয়ার্ডে ডেঙ্গু মোকাবেলার কাজ আরও জোরদার করা হচ্ছে।
“এই ৭টি ওয়ার্ডে আমরা আজ থেকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে যাচ্ছি। এছাড়া সামান্য মাত্রায় ঝুঁকি আছে এমন ওয়ার্ডেও আমরা কাজ করছি। সবার সম্মিলিত চেষ্টায় আমরা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো।”
৭, ৯, ১০, ১৬, ২৪, ২৬, ৩৬, ৪৩, ৫২ এবং ৫৪ এই ১০টি ওয়ার্ডে এডিস মশা পাওয়া গেলেও তা ’উল্লেখ করার মতো নয়’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া দক্ষিণের ১৯টি ওয়ার্ডে এডিস মশার লার্ভা পাওয়া গেলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিএসসিসির এসব ওয়ার্ড হল, ২, ৪, ৬, ৮, ১১, ১৫, ২৫, ২৭, ২৮, ৩০, ৩৪, ৩৭, ৩৮, ৪৪, ৪৭, ৪৯, ৫০, ৫৭ এবং ৫৮ ।
মাঝারি মাত্রায় ঝুঁকি লার্ভা পাওয়া গেছে ১১টি ওয়ার্ডে। এসব ওয়ার্ড হচ্ছে ১, ১২, ১৭, ১৯, ২১, ৩১, ৩২, ৩৩, ৪১, ৪৮ ও ৫১।
