টেক্সটাইলস বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন কর্মচারীকে পিটিয়ে হত্যা
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে মোবাইল চুরির অভিযোগে এক ক্যান্টিন কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতিক ও ফুয়াদ নামে দুই শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আজিজ হলে আতিক নামে এক আবাসিক শিক্ষার্থীর মোবাইল চুরি হয়। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মচারী আব্দুল মান্নানকে সন্দেহ করেন আতিক।
মঙ্গলবার রাত ১০টার দিকে আতিক হলের ৩১৮ নম্বর কক্ষে ডেকে নিয়ে মান্নানকে জিজ্ঞাসাবাদ করেন।
“এক পর্যায়ে ওই রুমের বাসিন্দা আতিক ও ফুয়াদ তাকে মারধর করে। রাত ৩টার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।”
মান্নানকে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বুধবার সকালে আজিজ হলের সামনে বিক্ষোভ করে বলে জানান ওসি।
