ডাক টিকেট দিবসে স্মারক উন্মোচন
ডাক টিকেট দিবস উদযাপনে ১০ টাকা দামের একটি স্মারক ডাক টিকেট, ১০ টাকার একটি উদ্বোধনী খাম ও ৫ টাকার একটি ডেটা কার্ড প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
সোমবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার মন্ত্রণালয়ে এসব স্মারক উন্মোচন করেন।
তিনি বলেন, “ছোটবেলায় বিভিন্ন ডাক টিকেট আমরা সংগ্রহ করতাম। কেউ অ্যালবামের ভেতরে, কেউ খাতার ভেতরে আটকে রাখতাম।”
বর্তমান প্রজন্মকেও ডাক টিকেটের প্রতি আগ্রহী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা স্কুল-কলেজে ছোট ছোট বাচ্চাদের কাছে ডাক টিকেটের তাৎপর্য তুলে ধরব।”
ডাক টিকেট একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিদের গল্প ধারণ করে মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, “জ্ঞানার্জনে ডাক টিকেটে যে তথ্য পাওয়া যাবে, গুগলেও তা পাওয়া দুষ্কর।”
মুক্তিযুদ্ধসহ দেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি এবং রাজনৈতিক পরিমণ্ডলে অবদান রাখা ব্যক্তিদের নিয়ে স্মারক ডাক টিকেট প্রকাশের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের বিষয়। ১৯৭১ সালে মুজিব নগর সরকার আটটি ডাক টিকেট প্রকাশ করে বহির্বিশ্বে স্বাধীন বাংলার অস্তিত্ব প্রকাশ করে।”
১৯৭১ সালের ২৯ জুলাই ভারতীয় নাগরিক বিমান মল্লিকের ডিজাইন করা আটটি ডাক টিকেট মুজিবনগর সরকার, কলকাতায় বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়।
স্মারক ডাক টিকেট অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র উপস্থিত ছিলেন।
অবমুক্ত করা ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড সোমবার থেকেই ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে।
পরে অন্যান্য জিপিও বা প্রধান ডাকঘর এবং দেশের সব ডাকঘর থেকে এসব স্মারক ডাকটিকেট বিক্রি করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
