মশা মারার জন্য বরাদ্দই নেই ঢাকার ৩৬ ওয়ার্ডে
ঢাকার দুই সিটি করপোরেশনের বাজেটে নতুনভাবে যুক্ত ৩৬টি ওয়ার্ডের মশক নিধনে কোনো কার্যক্রম নেই। মশা মারার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই; তাই নেই জনবল, যন্ত্রপাতিও।
ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়ার্ডগুলোতে কিছু যন্ত্রপাতি ও অস্থায়ী লোকবল নিয়োগ দিলেও তাকে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন কাউন্সিলররা। আর দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডে তাও নেই।
২০১৭ সালের ২৭ জুলাই রাজধানী লাগোয়া ১৬টি ইউনিয়নকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে যুক্ত করে গেজেট প্রকাশ করে সরকার। নতুন যুক্ত ইউনিয়নের এলাকাগুলো নিয়ে দুই করপোরেশনে ৩৬টি ওয়ার্ড করা হয়। ঢাকার আয়তনও প্রায় দ্বিগুণের বেশি, ২৯ বর্গ কিলোমিটার থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটার হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) যুক্ত বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেরাঈদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুর ইউনিয়নকে ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মাণ্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নকে ৫৮ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডের আওতায় আনা হয়।
২০১৮-১৯ অর্থবছরে মশক নিধন খাতে ২৬ কোটি টাকা বরাদ্দ রাখে ডিএসসিসি। অন্যদিকে ডিএনসিসির বরাদ্দ ২১ কোটি টাকা। তবে এই অর্থ পুরোনো ওয়ার্ডগুলোর জন্য।
স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে শুধু ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১১ হাজার ৪৩ জন।
এ বছর এখন পর্যন্ত এই দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারি হিসাবে আটজনের মৃত্যুর কথা বলা হয়েছে।
ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর নাগরিকদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বেড়েছে। কিন্তু মশক নিধন কার্যক্রম না থাকায় ক্ষোভ জানিয়েছেন নতুন ওয়ার্ডগুলোর বাসিন্দারা।
রাজধানীর দনিয়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এলাকায় মশক নিয়ন্ত্রণে কোনো কার্যক্রম নেই। সম্প্রতি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় পরিবার নিয়ে আতঙ্কিত তিনি।
“সিটি করপোরেশনের আওতায় আসার দুই বছর পার হলেও মশক নিয়ন্ত্রণে কোনো কার্যক্রম চোখে পড়ে না। ইদানিং ডেঙ্গু আক্রান্ত হওয়ায় নিজেরাও বাচ্চাকাচ্চা নিয়ে আতঙ্কে থাকি।”
দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ডের পাড়াডগাইর এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক রমযান আলী আকাশ বলেন, “এই এলাকা এমনিতেই নিচু। বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। মশা জন্মানোর উপযুক্ত পরিবেশ রয়েছে এখানে। কিন্তু মশক নিয়ন্ত্রণে কোনো কার্যক্রম নেই। খুব উৎপাত মশার। এ অবস্থায় নিজেরাই কয়েল জ্বালিয়ে, মশারি টানিয়ে মশার কামড় থেকে বাঁচার চেষ্টা করছি।”
ডিএসসিসির ৬১ নম্বর ওয়ার্ডের লোকসংখ্যা প্রায় দেড় লাখ। ৪৫ হাজার ভোটারের এই ওয়ার্ডে নিজের কেনা একটি ফগার মেশিন দিয়ে মাঝেমধ্যে মশার ওষুধ ছিটান বলে জানান কাউন্সিলর জুম্মন মিয়া। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে তার এই উদ্যোগ পর্যাপ্ত না।
“আমরা দুই বছর হলো সিটি করপোরেশনের আওতায় পড়েছি। কিন্তু নাগরিক সুযোগ সুবিধা এখনও নিশ্চিত করতে পারিনি। জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে লোকজনের প্রত্যাশা আছে। কিন্তু লোকবল, ওষুধ না থাকলে তো কাজ করা মুশকিল। এই এলাকা থেকে করপোরেশন এখনও কর আহরণ শুরু করেনি। এ কারণে মেয়রের কাছে জোর করে কোনোকিছু দাবিও করতে পারি না।”
এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানান, আগামী অর্থবছরে নতুন ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে।
“গত বছরের বাজেটে নতুন ওয়ার্ডগুলোর জন্য কোনো বরাদ্দ ছিল না। ফলে আমরা কোনো কাজ করতে পারছি না। ইউনিয়ন পরিষদ যেভাবে কার্যক্রম চালাতো সেভাবেই চলছে। সামনের বাজেটে আমরা এরজন্য বরাদ্দ রেখেছি। বাজেটটা পাস হলেই সেসব এলাকায় কার্যক্রম শুরু করব।”
ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর নতুন যুক্ত ওয়ার্ডগুলোয় চারটি ফগার এবং দুটি করে লার্ভা ছিটানোর যন্ত্র দিয়েছে। তবে কোনো লোকবল নেই। অস্থায়ী ভিত্তিতে কর্মীও নিয়োগ করেছে ডিএনসিসি।
ডিএনসিসির ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদ আহমেদ জানান, নিজের উদ্যোগে মশার ওষুধ ছিটিয়েন তিনি। ডিএনসিসি থেকে ছয়টি যন্ত্র এবং ওষুধ দিলেও তা ছিটানোর দক্ষ লোকবল নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৪টা ফগার মেশিন আর দুইটা লার্ভা মারার ওষুধ ছিটানোর মেশিন দিছে। তবে ওষুধ ছিটানোর লোক না থাকায় আমি নিজেই কয়েকজনকে দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছি। তাদেরকে টাকাও আমি দেই। ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়ছে তা থেকে তো সাধারণ জনগণকে বাঁচাতে হবে।”
ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান দেওয়ান বলেন, “এলাকাগুলো বড়, মশার উপদ্রবও অনেক। ফলে মশা মারতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সম্প্রতি করপোরেশন থেকে ছয়টি মেশিন দিয়েছে, অস্থায়ী লোকও দিয়েছে। কিন্তু তা দিয়ে পুরো এলাকা কাভার করা কঠিন।”
এবিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরোনো ওয়ার্ডের বরাদ্দ থেকেই তারা নতুন ওয়ার্ডে মশা মারার কাজ চালাচ্ছেন।
“আমাদের বর্তমান যে লোকবল, যন্ত্রপাতি, ওষুধ আছে তা-ই নতুন ওয়ার্ডগুলোর সঙ্গে শেয়ার করছি। কিছু যন্ত্রপাতি দিয়েছি, আর আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল দিয়েছি। আরও কিছু যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া চলছে।”
