ধর্ষণের মামলায় জাপা নেতা আলমগীর লোটনকে গ্রেপ্তারে পরোয়ানা
এক তরুণীকে ধর্ষণের মামলায় জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।
বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন পেয়ে রোববার ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন বলে বাদীর আইনজীবী কাজী হুমায়ুন কবির জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই তরুণীর অভিযোগ তদন্তে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা বাদীসহ তিন জনের জবানবন্দি নেন। তাতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে তিনি রোববার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন।
ঢাকার বাংলাবাজারের পুস্তক ব্যবসায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল বুক সেন্টারের (জাতীয় গ্রন্থ সংস্থা) পরিচালনা পর্ষদের সদস্য লোটনের ১১ জুলাই ট্রাইব্যুনালে মামলা করেন ৩২ বছর বয়সী ওই নারী। বিচারক অভিযোগ শুনে ২৭ জুলাইয়ের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
“ওই কাজের জন্য বাদী আসামির সঙ্গে নিয়মিত দেখা করতেন। তখন আসামি বাদীকে প্রায়ই ইভটিজিংমূলক কথাবার্তা বলতেন। আসামি বাবার বয়সী ভেবে বাদী বিষয়টি এড়িয়ে যেতেন। এছাড়া আসামি বিভিন্ন সময় ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে বাদীর কাছে নোংরা ছবি পাঠাতেন এবং ভিডিও কলে নোংরা প্রস্তাব দিতেন। কাজের প্রয়োজনে আসামির কাছে যেতে হতো বলে বাদী কঠোর প্রতিবাদ করতে পারতেন না।”
মামলায় বলা হয়, চলতি বছর ১ জানুয়ারি আসামির জন্মদিনে তার অনুরোধে বাদী রাজধানীর কোতয়ালি থানার বিউটি বোর্ডিংয়ে যান। সেখানে কেক কাটার পর আসামি বাদীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন।
“পথে ড্রাইভার ও তার সহযোগীদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি নিরিবিলি জায়গায় গাড়ি রেখে সেখানেই তিনি বাদীকে ধর্ষণ করেন। মোবাইল ফোনে ধর্ষণের ছবি ও ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ছবি ও ভিডিও ফেইসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে পরে তাকে বাসায় পৌঁছে দেন।
“আসামির কাছে নোংরা ছবি ও ভিডিও থাকায় সে বাদীকে ব্ল্যাকমেইল করে। এরপর বিভিন্ন সময় আসামির পাবলিকেশন হাউজ ও বিউটি বোর্ডিংয়ে একাধিকবার বাদীকে ধর্ষণ করেন। সর্বশেষ আসামি বাদীকে বিয়ে করবেন বলে ডেকে এনে গত ৩০ জুন ১২টা থেকে ২টার মধ্যে বিউটি বোর্ডিংয়ের দোতলার একটি কক্ষে ধর্ষণ করেন।”
জাতীয় পার্টির যুব সংগঠন যুব সংহতির সভাপতি লোটন বলেন, মামলার বাদী ৮-৯ বছর ধরে ওই সংগঠনে আছেন। সম্প্রতি তিনি যুব সংহতির যুগ্ম সম্পাদকের দায়িত্বও পেয়েছেন।
প্রকাশক লোটন দাবি করেন, বাদীর বেশ কটি বই সম্পাদনা নিয়ে দুজনের ‘দ্বন্দ্বের’ সূত্রপাত।
“আমার লেখা বেশ কটি বই তিনি নিজের বলে দাবি করেন। তিনি যে অভিযোগ করেন, এটা পূর্ব পরিকল্পিত। এখন আদালতে মামলা হয়েছে। আদালতেই প্রমাণ হোক, ইফ আই ডিড সামথিং রং..।”
