তদন্তে অসহযোগিতার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবে দুদক
দুর্নীতি দমন কমিশনের একটি মামলার তদন্ত কাজে সহযোগিতা না করার অভিযোগ তুলে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার কমিশন এ মামলার বিষয়ে অনুমোদন দেয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
দুদক আইন-২০০৪ এর ১৯(১) ধারার নির্দেশ ‘ইচ্ছাকৃতভাবে অমান্য করায়’ এশিউর প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. শেখ সাদীর বিরুদ্ধে মামলা করা হবে।
তবে শেখ সাদী অসহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
শেখ সাদীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে প্রনব বলেন, “বেসিক ব্যাংকের সাবেক ডিজিএম সিপার আহমেদসহ চার আসামির বিরুদ্ধে একটি মানিলন্ডারিং মামলার তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
“মামলা সংশ্লিষ্ট রেকর্ডপত্র সরবরাহের জন্য শেখ সাদীকে তিনবার নোটিস দেন তদন্ত কর্মকর্তা। কিন্তু তিনি নোটিস প্রাপ্তি সত্ত্বেও তদন্ত কর্মকর্তার নিকট কোনো রেকর্ডপত্র সরবরাহ ও হাজির হয়ে বক্তব্য প্রদান করেননি। এমনকি নোটিসের কোনো জবাবও দেননি তিনি।"
প্রনব বলেন, “তিনি (শেখ সাদী) কোনো সাড়া না দেওয়ায় তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করেছেন এবং তার অসহযোগিতার কারণে মামলাটির তদন্তে তিন মাস দেরি হয়েছে।”
তবে মামলা কেন হচ্ছে তা জানেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে মন্তব্য করেছেন এশিউর প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. শেখ সাদী।
দুদক থেকে তিনটি নয় দুটি চিঠি পেয়েছেন দাবি করে তিনি বলেন, “দুদক থেকে দুটি চিঠি দেওয়া হয়। প্রথম চিঠিতে নথিপত্র চাওয়া হলে তা দেওয়া হয়। দ্বিতীয় চিঠিতে দুদক থেকে তলব করা হয়।”
দুদকের তলবে নিজে হাজির না হলেও তার প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কর্মকর্তাকে পাঠান বলে জানিয়ে শেখ সাদী বলেন, “তবে তদন্ত কর্মকর্তার সঙ্গে ফোনে কথা হয় আমার।”
“আমি তো কোনো অসহযোগিতা করি নাই। মামলাটা কেন হচ্ছে আমি জানি না,” বলেন তিনি।
