অর্থ আত্মসাতের মামলায় নুর হোসেনকে অব্যাহতির আদেশ বাতিল
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নুর হোসেনকে ১৭ লাখ টাকা আত্মসাতের একটি মামলা থেকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের দেওয়া আদেশ বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ বুধবার এ রায় দেয়।
সেই সঙ্গে নূর হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এর আগে গত ১০ জুলাই পাঁচ লাখ টাকা আত্মসাতের আরেকটি মামলা থেকে নুর হোসেনকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের আদেশ বাতিল করে রায় দিয়েছিল হাই কোর্ট। ওই মামলাটিও ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়।
বুধবার আদালতে রুলের পক্ষে শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
১৯৯৯ সালে ভুয়া প্রকল্প দেখিয়ে ১৭ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০২ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সদর থানায় নূর হোসেনের বিরুদ্ধে আলাদা মামলা হয়।
২০১১ সালের ১৯ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর তদন্ত শেষে নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
কিন্তু দেরিতে মামলা হয়েছে কারণ দেখিয়ে নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালত ২০১৩ সালের ৩০ জানুয়ারি মামলা দুটি থেকে আসামিকে অব্যাহতি দেয়।
ওই আদেশের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ এপ্রিল হাই কোর্টে ফৌজদারি রিভিশন (পুনঃনীরিক্ষার আবেদন) করলে ওই বছরের ২৮ জুন রুল জারি করে আদালত।
আসামি নূর হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আসামি নূর হোসেনের বিরুদ্ধে মামলা চলতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে।
বুধবার ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় জারি করা সেই রুল যথাযথ ঘোষণা করে আদালত রায় দেয়। সে রায়েই মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আইনজীবী আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ আদেশের ফলে মামলাটি স্বয়ংক্রিয়ভাবেই পুনরুজ্জীবিত হয়ে গেল। মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।”
