২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় নূর হোসেনকে অব্যাহতির আদেশ বাতিল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে পাঁচ লাখ টাকা আত্মসাতের একটি মামলা থেকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের আদেশ বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2019, 06:16 PM

Updated : 18 Aug 2022, 05:30 PM

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ বুধবার এ রায় দেয়।

সেইসঙ্গে নূর হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

আদালতে রুলের পক্ষে শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

ভুয়া প্রকল্প দেখিয়ে ৫ লাখ টাকা ও ১৭ লাখ টাকা আত্মসাতের পাঁচ বছর আগের দুটি ঘটনায় ২০০২ সালের ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ সদর থানায় নূর হোসেনের বিরুদ্ধে আলাদা মামলা হয়। দুটি মামলায় ২০১১ সালের ১৯ জুলাই আদালতে একইসঙ্গে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল হোসেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কিন্তু দেরিতে মামলা হয়েছে কারণ দেখিয়ে নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালত ২০১৩ সালের ৩০ জানুয়ারি মামলা দুটি থেকে আসামিকে অব্যাহতি দেয়। ওই আদেশের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ এপ্রিল হাই কোর্টে ফৌজদারি রিভিশন (পুনঃনীরিক্ষার আবেদন) করলে ওই বছরের ২৮ জুন রুল জারি করে আদালত।

আসামি নূর হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আসামি নূর হোসেনের বিরুদ্ধে মামলা চলতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে।

বুধবার পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলায় জারি করা সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়। সে রায়েই মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারিক আদালতের অব্যাহতির আদেশ বাতিল করা হয়েছে। এ অদেশের ফলে মামলাটি স্বয়ংক্রিয়ভাবেই পুনুরুজ্জীবিত হয়ে গেল। মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।”

১৭ লাখ টাকা আত্মসাতের মামলা থেকে নূর হোসেনকে দেওয়া অব্যাহতির আদেশের বিরুদ্ধে জারি করা রুলের উপর রোববার শুনানি হতে পারে বলে তিনি জানান।