২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌর বিদ্যুতে আলো আসবে বান্দরবানের ৩ উপজেলার স্কুলে

বান্দরবানের তিন উপজেলার বিদ্যুৎবিহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলাতে চলছে সৌর বিদ্যুৎ সংযোগের কাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 07:06 PM

Updated : 08 Apr 2022, 04:29 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বলা হয়, বান্দরবান জেলার তিনটি উপজেলার ‘অফ গ্রিড’ স্কুলগুলো সৌর বিদ্যুতের আওতায় আসবে।

ইতোমধ্যে এ জেলার লামা, আলীকদম ও থানচি উপজেলার স্কুলগুলোতে সৌর বিদ্যুৎ স্থাপনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও প্রকল্পভুক্ত ওই এলাকার বিদ্যালয়ে নিরাপদ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১০ হাজার ৮৪ জন দপ্তরি কাম প্রহরী নিয়োগের কাজ চলছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নিয়োগের কাজ দ্রুততার সাথে শেষ করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে কমিটির দ্বিতীয় বৈঠকে নৈশপ্রহরীদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তরে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও জাতীয়করণকৃত ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সুপারিশ হয়।

ওই সুপারিশের আলোকে প্রস্তাব পাঠানোর বিষয়ে কিছু বলা না হলেও বিদ্যমান পদসমূহের নিয়োগ কার্যক্রম তুলে ধরা হয়।

এতে বলা হয়, দপ্তরি কাম প্রহরীর সৃজিত পদের সংখ্যা ৩৬ হাজার ৯৮৮টি। এর মধ্যে ২৬ হাজার ৯০৪টি বিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১০ হাজার ৮৪টি পদে নিয়োগের কার্যক্রম চলছে।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ডিজিটাল প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় নির্বাচিত ৫০৯টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম তৈরির জন্য ৫টি লটে দরপত্র আহ্বান করা হয়েছে।

মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সদস্য ইসমাত আরা সাদেক, আলী আজম, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার ও ফেরদৌসী ইসলাম অংশ নেন।

বৈঠকে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান চলমান প্রকল্পসমূহের অধিকতর সুষ্ঠু বাস্তবায়নে সকলকে স্বচ্ছতার সাথে একযোগে কাজ করার আহ্বান জানান।